বালোতেল্লির ওপর চটেছেন মানচিনি
মাঠের বাইরের নানা রকম বিতর্কিত বিষয়ের সঙ্গে জড়িয়ে আগে থেকেই অনেক সমালোচনার শিকার হয়েছিলেন ম্যানচেস্টার সিটির ইতালিয়ান স্ট্রাইকার মারিও বালোতেল্লি। এবার মাঠেও চরম অপেশাদার আচরণের জন্য তাঁর তীব্র সমালোচনা করেছেন দলের কোচ রবার্তো মানচিনি।গতকাল এলএ গ্যালাক্সির বিপক্ষে একটি প্রীতি ম্যাচে নিশ্চিত একটি গোলের সুযোগ নষ্ট করার পর বালোতেল্লিকে মাঠ থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মানচিনি। খেলার ৩০ মিনিটের মাথায় একেবারে ফাঁকায় বল পাওয়ার পরেও সরাসরি গোল করার কোনোই চেষ্টা করেননি এই ইতালিয়ান স্ট্রাইকার। অনেক কারিকুরি করে গোল দিতে গিয়ে সুযোগটাই নষ্ট করেছিলেন তিনি। বালোতেল্লির এ আচরণকে একেবারেই অপেশাদার বলে আখ্যায়িত করেছেন কোচ রবার্তো মানচিনি। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘ফুটবলে সবাইকেই খুব পেশাদার হতে হবে। সব সময়ই খুব সতর্ক হয়ে খেলতে হবে। কিন্তু আজ বালোতেল্লি একেবারেই অপেশাদার একটা আচরণ করেছে। যদি কেউ নিষ্ঠার সঙ্গে খেলে, তাহলে পুরো ৯০ মিনিটই খেলতে পারবে। কিন্তু তা না হলে, তাকে উঠিয়ে নেওয়া হবে। আমি আশা করছি, আজ সে একটা ভালো শিক্ষা পেয়েছে। বালোতেল্লি খুব ভালো মতোই জানে যে সে কত বড় ভুলটা করেছে। ফুটবলে সবাইকেই সব সময় সতর্ক থাকতে হবে। আর যদি কখনো গোলের সুযোগ আসে, তাহলে সেটা নষ্ট করা যাবে না।’তবে পরে এ রাগ পুষে রাখবেন না বলেই জানিয়েছেন মানচিনি। তিনি আশা করছেন যে মাত্র ৩০ মিনিট পরেই তাঁকে মাঠ থেকে তুলে নেওয়ার ফলে নিজের ভুলটা বুঝতে পারবে ২০ বছর বয়সী এই স্ট্রাইকার। ওয়েবসাইট।