বালোতেল্লির কাছে হারলেন নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় একই বয়সী তাঁরা। ২২ বছর বয়সী মারিও বালোতেল্লির চেয়ে মাত্র এক বছরের ছোট নেইমার। এই বয়সেই তাঁরা টেনে নিয়েছেন পাদপ্রদীপের আলো। মাঠে তো বটেই, মাঠের বাইরেও তাঁরা আলোচিত চরিত্র। তাঁদের অনিয়ন্ত্রিত জীবন নিয়ে অভাব নেই কেচ্ছাকাহিনির। তবে একটা ব্যাপারে অন্তত সবাই একমত হবেন, বিশ্বকাপটা জেতার জন্য নিজ নিজ দেশ তাকিয়ে থাকবে এই দুজনের দিকেই। গোল করার আসল কাজটা যে তাঁদেরই করতে হবে!নিজেদের প্রজন্মের সেরা ফুটবলারই বলা যায় বালোতেল্লি-নেইমারকে। ‘সুপার মারিওর’ মতো খ্যাপাটে না হলেও নেইমারও ইদানীং উটকো বিতর্কে জড়িয়ে পড়ছেন হুটহাট। কদিন আগেই তো স্বদেশি কিংবদন্তি পেলের সঙ্গে এক দফা নোংরা কাদা ছোড়াছুড়িই হয়ে গেল। প্রথমবারের মতো দুজন যখন এক মঞ্চে, তখন অলিখিত একটা লড়াই ছিলই। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্য বালোতেল্লিই নজর কেড়েছেন বেশি। তবে নেইমারের হঠাৎ হঠাৎ ঝলক ইতালিকে ভয় পাইয়ে দিচ্ছিল। তাঁর বানিয়ে দেওয়া গোলেই ব্রাজিল পায় দ্বিতীয় গোল। কিন্তু দুর্দান্ত এক গোলে বালোতেল্লিই সমতা ফিরিয়েছেন ম্যাচে। শেষ দিকে তাঁর দুটি গোলপ্রচেষ্টা অসাধারণভাবে রুখেছেন ব্রাজিলের গোলরক্ষক সিজার। ব্যক্তিগত দ্বৈরথে বালোতেল্লির কাছে নেইমার হেরেছেন স্পষ্ট ব্যবধানেই। তবে এই পরাজয়ে নেইমারের খেদ নেই, উল্টো বালোতেল্লিকে মাঠ ও মাঠের বাইরে একটা অনুপ্রেরণা হিসেবে মানছেন ব্রাজিল স্ট্রাইকার, ‘আমি তার অনেক বড় একজন ভক্ত। সে খেলোয়াড় হিসেবে অসাধারণ। মানুষ হিসেবেও।’বালোতেল্লির কাছে অবশ্য নেইমারের প্রশস্তিগাথার চেয়ে ইতালি কোচ সিজারে প্রানদেল্লির প্রশংসাই গুরুত্ব পাবে বেশি। প্রানদেল্লি বলেছেন, ‘ঠিক পথেই আছে সে। সে ধীরে ধীরে আরও পরিণত হচ্ছে। সবচেয়ে বড় কথা যেকোনো প্রতিযোগিতায় সে ফর্মের তুঙ্গে থাকে।’ বালোতেল্লির আলোয় ম্রিয়মাণ হয়ে পড়লেও নেইমারও পেয়েছেন কোচ স্কলারির প্রশংসা, ‘তার খেলা ভারসাম্যপূর্ণ ছিল। ট্যাকটিক্যাল দিক দিয়ে এটা ছিল তার সেরা ম্যাচগুলোর একটা। সে ছিল নিখুঁত। পিরলোকে বোতলবন্দী করে রাখতে সে সম্ভাব্য সবকিছু করেছে।’ রয়টার্স, ওয়েবসাইট।