বালোতেল্লির পাল্টা জবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। বাতাসে গুঞ্জন, মারিও বালোতেল্লিকে বেচে দিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে রাদামেল ফ্যালকাওকে আনতে চায় ম্যানচেস্টার সিটি। এর মধ্যেই আবার সিটির শীর্ষ এক কর্মকর্তা মন্তব্য করলেন, বালোতেল্লি তরুণদের জন্য আদর্শ হিসেবে ক্ষতিকর চরিত্র। সিটির উঠতি ফুটবলাররা যেন অনুসরণ না করে ইতালির ‘ব্যাড বয়’কে, সেটাই চান সিটির ফুটবল প্রশাসক ব্রায়ান মারউড। বালোতেল্লি পত্রপত্রিকা খুব পড়েন বলে শোনা যায় না। তবে এই খবর ঠিকই কানে গেছে ইতালিয়ান স্ট্রাইকারের। মারউডের মন্তব্য যে পছন্দ হয়নি, সেটা বুঝিয়ে দিয়েছেন ২২ বছর বয়সী।রবার্তো মানচিনিকে বাবার মতো শ্রদ্ধা করেন, এই তথ্য আগেই জানিয়েছিলেন। এখন জানা গেল, মানচিনির সঙ্গে ভালো হলেও আরও অনেকের সঙ্গে সম্পর্কটা সুবিধার যাচ্ছে না তাঁর, ‘মানচিনির সঙ্গে আমার সবকিছুই ভালোমতোই হয়। আমাদের সম্পর্ক অনেক ভালো, যদিও অনেকেই এই সম্পর্ক খারাপ করার চেষ্টা করে। আমরা একে অন্যকে ভালোবাসি। যদিও এখানে অনেকে আছে যারা আমার মুখের ওপর কিছু বলার সৎ সাহস রাখে না, পত্রিকায় বলে। তার পরও ম্যানচেস্টার সিটিতে আমি ভালোই আছি। ওদের আমি পরোয়া করি না।’মারউডের এমন মন্তব্য তাঁকে চটিয়ে দিয়েছিল বলেই হয়তো ইতালির হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের গত ম্যাচে খেলেছেন দুর্দান্ত। এক গোল করেছেন, ‘স্বার্থপর’ তকমা ছিঁড়ে করিয়েছেন আরেকটি। অনেক দিন পর সান সিরোতে খেলা হলো ইন্টার মিলান থেকে সিটিতে আসা বালোতেল্লির। নিজের পুরোনো মাঠে ফিরতে পেরে ভালো লেগেছে জানিয়ে বালোতেল্লি এমন দাবিও করলেন, ‘আমি সব সময়ই বিনয়ী থাকার চেষ্টা করি।’না, বালোতেল্লি নাকি আসলেই বদলাচ্ছেন। এই প্রত্যয়নপত্র মিলছে সিজারে প্রানদেল্লির কাছ থেকে। ইতালির কোচ বলছেন, সময়ের সঙ্গে সঙ্গে পরিণত হচ্ছেন একসময় নিজের মা-বাবাকেও আদালতে নিয়ে যাওয়া বালোতেল্লি। মারউডের কথা তাঁর পছন্দ না হওয়ারই কথা। অবশ্য বালোতেল্লির এজেন্ট মিনো রাইয়োলার দাবি, মারউডের বক্তব্য নাকি ভুলভাবে উপস্থাপিত হয়েছে। ইতালির একটি রেডিওকে রাইয়োলা বলেছেন, ‘মারউড আমাকে ফোন করে ক্ষমা প্রার্থনা করেছেন তাঁর মন্তব্যের জন্য, যেগুলো খুবই ভুলভাবে ইংলিশ মিডিয়ায় উপস্থাপিত হয়েছে। মারিও-ও সব বুঝেছে। তাই কোনো সমস্যা নেই।’ এএফপি, ওয়েবসাইট।