বালোতেল্লির মুখে ইংল্যান্ডের দুর্নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের ভালো দিক কী? খুব খুঁজে একটা ভালো দিকই মাত্র পেয়েছেন মারিও বালোতেল্লি। ইংল্যান্ডের বাকি সবই খারাপ। সবচেয়ে খারাপ সাংবাদিকেরা! এর পর আবহাওয়া। তার পর খাবার। এমনকি ইংল্যান্ডে যেভাবে নিয়মশৃঙ্খলার ভেতরে ‘কচ্ছপ’ গতিতে গাড়ি চালাতে হয়, সেটাও ভালো লাগেনি। ইংল্যান্ড ছাড়তে পেরে নাকি তাই হাঁপ ছেড়ে বেঁচেছেন। ইংল্যান্ডে শুধু একটা জিনিসই তাঁর ভালো লেগেছে—সেখানকার ফুটবল; ম্যানচেস্টার সিটি ক্লাব এবং তার সমর্থকদের।মিডিয়ার ওপর তাঁর রাগটাই বেশি। তাঁকে নিয়ে বেশি বেশি আলোচনা-সমালোচনা করায় এর আগে মাঠের মধ্যে গোল উদ্যাপনের সময় বার্তা দিয়েছিলেন: ‘সব সময় আমিই কেন?’ এবার ইংলিশ মিডিয়ার ওপর আরেক দফা রাগ ঝাড়লেন। সবচেয়ে রাগ দ্য সান-এর ওপর। পরশু মিলানে পরিচিতিমূলক সংবাদ সম্মেলনে ইংলিশ ট্যাবলয়েডটির এক সাংবাদিককে বলেছেন, ‘আমি ইংল্যান্ডে আসার পর থেকেই আপনার পত্রিকা আমার সম্পর্কে শুধু আজেবাজে কথাই লিখেছে। তাই আমি আপনার সঙ্গে কোনো কথা বলব না।’ইংল্যান্ড ছাড়তে পেরে খুশি—এ কথা খোলাখুলিই বলেছেন। তবে তাতে সিটি ভক্তদের ভুল বোঝার ফাঁকটা রাখতে চান না, ‘আমার কোনো অনুতাপ নেই। তবে সিটির সব সমর্থককে ধন্যবাদ জানাতেই হবে। কারণ তারা আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছেন। ভালো সময় খারাপ সময়ে পাশে ছিলেন।’ ইংল্যান্ডে সবচেয়ে ভালো কী লেগেছে—এমন প্রশ্নের জবাবে বলেছেন, ‘ভালো লাগত কখন? যখন শুধু খেলতাম বা অনুশীলন করতাম। আমার সতীর্থ আর ম্যানেজারও অনেক ভালো ছিলেন। সত্যি বলতে কি, প্রিমিয়ার লিগও অবিশ্বাস্য। আমার কাছে ওটাই বিশ্বের সেরা। বাকি আর সবকিছু খারাপ!’ এএফপি।