বালোতেল্লির সাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও শিরোনামে মারিও বালোতেল্লি। এবং যথারীতি মাঠের বাইরের ঘটনায়। নতুন করে কিছু অবশ্য করেননি। পুরোনো ‘অঘটনের’ জের ধরেই ইতালিয়ান স্ট্রাইকারের খবরে আসা। গত বছরের ৩ ডিসেম্বর মধ্যরাতে লিভারপুল শহরের কাছাকাছি রাজপথে হাওয়ার গতিতে ছোটাচ্ছিলেন তাঁর ২ লাখ ৪০ হাজার পাউন্ড দামের ফেরারি। গতি ছিল ঘণ্টায় ১০৯ মাইল। ভুলেই গিয়েছিলেন ওই রাস্তায় গতি সীমিত রেখে গাড়ি চালাতে হয়। ফল যা হওয়ার তাই। ট্রাফিক আইন ভাঙার দায়ে মামলা হয় তাঁর বিরুদ্ধে। সেই মামলাতেই লিভারপুল স্ট্রাইকারের ড্রাইভিং লাইসেন্স কেড়ে নেওয়া হয়েছে ২৮ দিনের জন্য। জরিমানাও গুনতে হয়েছে ৮০০ পাউন্ড। মেইল অনলাইন।