বালোতেল্লির হুংকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারই প্রথম বিশ্বকাপে খেলছেন। প্রথম ম্যাচেই গোলের দেখা পেয়ে গেলেন মারিও বালোতেল্লি। ছবি: এএফপি
এবারই প্রথম বিশ্বকাপে খেলছেন। প্রথম ম্যাচেই গোলের দেখা পেয়ে গেলেন মারিও বালোতেল্লি। ছবি: এএফপি

ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শুরু। ইতালির খেলোয়াড়দের কাছে ব্যাপারটা নিঃসন্দেহে স্বস্তির। সেই স্বস্তি প্রকাশ করতে গিয়ে ফুটবল বিশ্বকে একটা সতর্কবার্তাও দিয়ে দিলেন মারিও বালোতেল্লি। গত রাতে ইংল্যান্ডের বিপক্ষে জয়সূচক গোল করা ইতালীয় ফরোয়ার্ড বললেন, ইতালিকে ভয় পেতেই হবে সবার!
চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের এবার মোটেও ফেবারিট হিসেবে ধরা হচ্ছে না। হুমকি মনে করার মতো দলও নাকি ইতালি এবার নয়। ব্যাপারটা জানেন, বোঝেন বালোতেল্লি। তাই প্রথম ম্যাচে জিতে সবাইকে যেন একটা সতর্কবার্তাই দিলেন ইতালির এই ড্যাশিং স্ট্রাইকার, ‘খুব কম দলই আমাদের ভয় করছে। কিন্তু বলে দিচ্ছি, এখন থেকে আমাদের ভয় পেতেই হবে।’
মাঠের ভেতরে-বাইরে নানা নেতিবাচক ঘটনার জন্ম দিয়ে ‘ব্যাড বয়’ তকমা পেয়েছেন বালোতেল্লি। বলার অপেক্ষা রাখে না, সেই তিনিই এবারের বিশ্বকাপে ইতালির অন্যতম স্বপ্নসারথি। ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক গোল করে ইতালীয়দের প্রত্যাশার প্রতিদানও দিয়েছেন। প্রথম বিশ্বকাপ বলে এবার নাকি তাঁর মধ্যে প্রবল আবেগও কাজ করছে বলে জানিয়েছেন তিনি, ‘এবারের বিশ্বকাপটা আমার জন্য প্রচণ্ড আবেগের। এর আগে কখনোই ফুটবলের এই বিশ্বমঞ্চে খেলিনি। প্রথম গোলটা আমার হবু স্ত্রী, পরিবার ও বন্ধু-বান্ধবদের উত্সর্গ করেছি।’
বিশ্বকাপে ইতালির লক্ষ্য সম্পর্কে বেশ সতর্ক হয়েই কথা বললেন বালোতেল্লি, ‘এখান থেকে ধাপে ধাপে এগিয়ে যেতে চাই আমরা। ইংল্যান্ড ভালো দল। প্রচণ্ড গরমের মধ্যেও আমরা ভালো খেলেছি। জয় পাওয়াটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’
ইতালির পরবর্তী ম্যাচ ২০ জুন। বাংলাদেশ সময় রাত ১০টায় অনুষ্ঠেয় ম্যাচে প্রতিপক্ষ কোস্টারিকা। এই কোস্টারিকা গত রাতে উরুগুয়েকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে। ইতালির জন্য পরবর্তী ম্যাচটা তাই নিঃসন্দেহে দুশ্চিন্তার। ব্যাপারটা শিকার করলেন বালোতেল্লিও, ‘আমাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হবে উরুগুয়ের বিপক্ষে কোস্টারিকার জয় দেখেছি আমরা। কোস্টারিকার বিপক্ষে ম্যাচে আমাদের তাই সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আমরা এখনো গ্রুপ পর্বের বাধা পার হইনি। সূত্র: গোল ডটকম।