বালোতেল্লিরও প্রহরী বোনুচ্চি
আয়ারল্যান্ডের বিপক্ষে জীবন-মরণ ম্যাচে বদলি হিসেবে যখন নামেন, ম্যাচের বাকি মাত্র ২০ মিনিট। নিজেকে প্রমাণ করার তাগিদ ছিল, সেই জেদ থেকেই কিনা দুর্দান্ত এক ভলিতে শেষ মুহূর্তে গোল করলেন ইতালির ‘ব্যাড বয়’ মারিও বালোতেল্লি। কিন্তু উদ্যাপনের সময় নিজের ওপর থেকে লাগামটা আরেকটু হলেই ছুটে যাচ্ছিল, ডাগ-আউটের দিকে গিয়ে কোচ সিজার প্রানদেল্লিকে বেফাঁস কিছু হয়তো বলেই ফেলতেন। সতীর্থ লিওনার্দো বোনুচ্চি ঠিক সময়ে মুখটা চেপে না ধরলে একটা অনর্থই ঘটেই যেত। তবে কাজটা আবার করতে হলে বোনুচ্চি নাকি সানন্দেই তা করবেন, ‘ইন্টার মিলানে যখন সে খেলত তখন ওর বয়স মাত্র ১৭। আমি মাঝেমধ্যেই ওকে বকতাম, সে তখন থেকে এ রকমই। আয়ারল্যান্ডের বিপক্ষে গোল-উদ্যাপনের সময়ও আমি ওকে দেখে রেখেছিলাম, সে আমাকে এ জন্য ধন্যবাদও দিয়েছে। দুর্ভাগ্যবশত মাঝেমধ্যেই সে বোকার মতো কাজ করে ফেলে কিন্তু ছেলে হিসেবে সে ভালোই।’ বিতর্ক আর বালোতেল্লি সব সময়ই যেন মানিকজোড়, দুজনের কাউকে ছাড়া চলে না। ইতালির সাংবাদিকেরা সুযোগ পেলেই তাঁর পিণ্ডি চটকাতেও ছাড়েন না, তবে বোনুচ্চি বলছেন সুপার ‘মারিও’ টিমমেট হিসেবে দুর্দান্ত। দাবি করছেন বালোতেল্লিকে ঘিরে দলে কোনো বিভেদ নেই, ‘কালকেই তো প্রশিক্ষণের সময় সে কর্নার ফ্ল্যাগ নিয়ে ডি নাতালির সঙ্গে মজা করছিল। নাহ্, এ রকম কিছু নয়। এমনকি সে মাঝেমধ্যে হাসেও।’ খেলোয়াড় বালোতেল্লিকেও অনেক ওপরে জায়গা দেন বোনুচ্চি, ‘সে একাই খেলায় পার্থক্য গড়ে দিতে পারে।’ এএফপি।