বাসে বাঙ্ময় বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এখনো দলের স্লোগান লেখা হয়নি, তবে বিশ্বকাপে দেশগুলোর টিম বাস সাজবে এমন সাজেই  l ওয়েবসাইট।
এখনো দলের স্লোগান লেখা হয়নি, তবে বিশ্বকাপে দেশগুলোর টিম বাস সাজবে এমন সাজেই l ওয়েবসাইট।

বেলজিয়ামের কর্মকর্তারা বেজায় খেপেছেন৷ ফিফা তাঁদের টিম বাসের জন্য পাঁচটি স্লোগান প্রস্তাব করেছে৷ তাঁদের ভাষায়, সব কটিই ‘যাচ্ছেতাই’৷ শেষ পর্যন্ত ‘অসম্ভবের প্রত্যাশায়’ স্লোগানটা তাঁরা বেছে নিয়েছেন বটে, কিন্তু সেটা নিয়েও পুরোপুরি সন্তুষ্ট নন৷ তার ওপর ফ্লেমিশ ভাষায় লেখা স্লোগানে নাকি আছে ব্যাকরণগত ভুলও!
বিশ্বকাপের ৩২টি দলের জন্য আলাদা বাস তো থাকবেই৷ সেগুলোতে বাঙ্ময় হয়ে উঠবে সেই দেশগুলোর নিজস্ব পতাকা আর এক চিলতে ইতিহাস৷ তবে প্রতিটি বাসে বড় করে লেখা স্লোগানই দৃষ্টি কাড়বে সবার আগে৷ কোন দলের বাসে কী লেখা হবে, সেটাও নিশ্চিত হয়ে গেছে এর মধ্যে৷
ব্রাজিলেরটা দুর্দান্তই হয়েছে বলতে হবে৷ পাঁচবারের শিরোপা বিজয়ীদের বাসের দিকে তাকালেই আশায় বুক দুলে উঠবে রিও ডি জেনিরো-সাও পাওলোর পথচলতি মানুষের, ‘প্রস্তুত হও, হেক্সা আসছে’৷ আর্জেন্টিনার স্লোগান অবশ্য দলের ব্যাপ্তি ছাড়িয়ে গাইছে দেশাত্মবোধের গান, ‘শুধু একটা দল নয়, আমরা একটা জাতি’৷ একই রকম সুর জার্মানির বাসেও, ‘এক দেশ, এক দল, এক স্বপ্ন’৷
ফ্রান্সের স্লোগানে মিশে আছে রসবোধ, ‘অসম্ভব শব্দটা ফ্রেঞ্চ অভিধানে খুঁজে পাবেন না’৷ ইংল্যান্ডের স্লোগানের মধ্যে একটা কাব্যিক ছন্দ আছে, ‘একটি দলের স্বপ্ন, কোটি লোকের হৃৎস্পন্দন’৷ বিশ্বকাপের ফেবারিট না হোক, রাশিয়া কিন্তু হুমকি দিচ্ছে, ‘কেউ আমাদের ধরতে পারবে না৷’
বিশ্বকাপের দেশগুলোর অনেকগুলোই পরিচিত সে দেশের পতাকার রঙে৷ হল্যান্ড বললেই চোখের সামনে ভেসে ওঠে কমলার উচ্ছ্বাস৷ তাদের স্লোগানে সেটির অসাধারণ প্রতিফলন, ‘সত্যিকারের পুরুষদের রং কমলা’৷ সে রকম ‘আজ্জুরি’ নামেই বিখ্যাত ইতালির স্লোগান, ‘এসো, স্বপ্নগুলোকে নীল রঙে রাঙাই’৷ লাল জার্সির দক্ষিণ কোরিয়া বলছে, ‘উপভোগ করো, লাল যোদ্ধারা’৷
একিলিস-হেক্টরদের দেশ গ্রিস বেছে নিয়েছে তাদের ঐতিহ্যকে, ‘বীরেরা গ্রিসের মতো খেলে’৷ শোনা যাচ্ছে ‘অদম্য সিংহ’ ক্যামেরুনের গর্জনটাও, ‘সিংহ সিংহই’৷ কোস্টারিকার স্লোগানে মিশে রইল আবেগ, ‘ফুটবল আমাদের নেশা, আমাদের শক্তি৷ কোস্টারিকা আমাদের স্বপ্ন’৷
তবে সবচেয়ে বড় রসিকতাটা করেছে অস্ট্রেলিয়া-চিলি৷ চেলসি কোচ হোসে মরিনহোর কল্যাণে ‘পার্ক দ্য বাস’ শব্দটা এখন ফুটবল অভিধানেই ঢুকে গেছে, যেটির কাছাকাছি অর্থ, ‘দরকার হলে গোলপোস্টের সামনে বাস দাঁড় করিয়ে রাখো’৷ এ কথাটাই বাসে লিখে রেখেছে অস্ট্রেলিয়া৷ আর চিলির স্লোগান? ‘চি চি চি, লি লি লি!! এগিয়ে চলো চিলি!’৷ মজার না? এএফপি৷