বাসেল-রূপকথা চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুট করে দেখলে মনে হবে যেন মাঠে বার্সেলোনাই খেলছে। জার্সিটা দেখতে একই রকম। সেই সূত্র ধরে এগোলে আরও বড় সম্পর্কের শেকড় খুঁজে পাবেন। এফসি বাসেল আর এফসি বার্সেলোনা দুটিই প্রতিষ্ঠিত হয়েছিল এই সুইস খেলা-পাগল ব্যবসায়ী হুয়ান গাম্পারের হাতে। বয়সে কিছুদিনের বড়, এ কারণে বাসেলকেই বার্সেলোনার পূর্বসূরি বলে অনেকেই।তা হোক, বার্সার সমৃদ্ধ ইতিহাসের কাছে বাসেল নেহাতই অখ্যাত দল। তবে এই মৌসুমটা যেন তারা বেছে নিয়েছে রূপকথা লেখার জন্য। গ্রুপ পর্বে ম্যানচেস্টার ইউনাইটেডের মতো দলকে বিদায় করে দিয়ে উঠে এসেছে নকআউট পর্বে, যে ম্যানইউ কিনা সর্বশেষ চারবারের তিনবারই ফাইনাল খেলেছে। এবার সুইস এই ক্লাবটির শিকার হলো এক মৌসুম আগের ফাইনালিস্ট বায়ার্ন মিউনিখ। নিজেদের মাঠে বায়ার্নকে তারা হারিয়েছে ১-০ গোলে। এই প্রথম নকআউট পর্বে খেলতে আসা বাসেল এখন স্বপ্ন দেখছে কোয়ার্টার ফাইনালেও যাওয়ার! ৮৫ মিনিটে গোল করে বাসেলকে এই স্মরণীয় জয় এনে দিয়েছেন ২২ বছর বয়সী উইঙ্গার ভ্যালেন্টিন স্টকার।শেষ মুহূর্তের গোলে হেরেছে এক মৌসুম আগের চ্যাম্পিয়ন ইন্টার মিলানও। শেষ মুহূর্ত বলতে ম্যাচের যোগ করা সময়ে। কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছুঁইয়ে ঘানার আন্দ্রে আইয়ু মার্শেইকে এনে দিয়েছেন এই জয়। অবশ্য ন্যূনতম ব্যবধানের পরাজয় বলে ফিরতি লেগে বায়ার্ন-ইন্টার দুই দলেরই ভালো সুযোগ থাকছে ঘুরে দাঁড়ানোর। বাসেলের জয়ের মাহাত্ম্য আরেকটি দিক দিয়ে বড়। ইউরোপিয়ান কাপের ইতিহাসে মাত্রই পঞ্চম দল হিসেবে একই টুর্নামেন্টে ম্যানইউ ও বায়ার্ন দুই দলকেই হারাল তারা। এর আগে এই কীর্তি যে চার দল গড়েছিল, সেই আসরে তারাই হয়েছিল চ্যাম্পিয়ন! ইতিহাসের পুনরাবৃত্তি হবে আবার?বাসেল সেই কথা মুখে বলতে পারে না। বলাটা বাড়াবাড়িই মনে হতে পারে। তবে এখন পর্যন্ত নিজেদের যোগ্যতাতেই টুর্নামেন্টের এতটা পথ তারা পাড়ি দেওয়ার কথাটা উচ্চকণ্ঠে বললেন গোলরক্ষক ইয়ান সমার, ‘এবার আমরা এমন দুটি দলকে হারিয়েছি যারা বিশ্বসেরা। ম্যানইউর বিপক্ষে আমরা চার পয়েন্ট পেয়েছিলাম (ড্র আর জয়)। আর বায়ার্ন তো কোনো সুইস দলের কাছে অবিশ্বাস্য একটা ব্যাপার। কিন্তু আমরাও ভালো দল। নিজেদের ওপর আস্থা আমাদের আছে। আর (এই পর্যায়ে এসে) বায়ার্ন আমাদের হালকা করে নিয়েছে বলে মনে হয় না।’বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার বলছেন, ‘অবশ্যই এটা তিক্ত এক পরাজয়। তবে এটা বলার উপায় নেই হারটা আমাদের প্রাপ্য ছিল না। আমরা বাজে খেলেছি, সুযোগ কাজে লাগাতে পারিনি। এখন আমাদের নতুন করে সব ঢেলে সাজাতে হবে।’বায়ার্নের পরাজয় অপ্রত্যাশিত হলেও ইন্টারের ব্যাপারে সেটা বলার জো নেই। ইতালিয়ান লিগে সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতেই হার, একটি ড্র। ইতালিয়ান কাপ থেকে নাপোলির কাছে হেরে বিদায়। ব্যর্থতার বৃত্তেই ঘুরছে ক্লদিও রানিয়েরির দল। ম্যাচ শেষে তাঁর নেতিবাচক কৌশল আর ডিয়েগো মিলিতোকে না খেলানোর সমালোচনাও হচ্ছে। যদিও রানিয়েরি জানিয়েছেন, মাত্রই কিছুদিন আগে এক ম্যাচে চার গোল করা এই আর্জেন্টাইন স্ট্রাইকার সর্দি-জ্বরে আক্রান্ত। কিন্তু পুরো ইন্টারকেই তো মনে হচ্ছে জ্বরাক্রান্ত! ওয়েবসাইট।