বাস্কেটবল দলের ক্ষোভ
১৩-১৭ মে নেপালে হচ্ছে দক্ষিণ এশীয় বাস্কেটবলের তৃতীয় আসর। প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের পক্ষে এবার শিরোপা ধরে রাখা কঠিনই মনে হচ্ছে। সবচেয়ে বড় কারণ, প্রতিযোগিতায় গতবার না খেললেও এবার খেলছে শক্তিশালী ভারত। ভারত খেলা মানে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা অনেক কমে যাওয়া। তার ওপর এবার নানা কারণে মন ভালো নেই বাংলাদেশ দলের খেলোয়াড়দের।
গত বছর ঢাকায় পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতার পর খেলোয়াড়দের অর্থ পুরস্কার দেওয়ার কথা ছিল। দেশের বাইরে প্রীতি ম্যাচ খেলার প্রতিশ্রুতি দিয়েছিলেন কর্মকর্তারা। কিন্তু সব প্রতিশ্রুতিই বাক্সবন্দী। চ্যাম্পিয়ন হওয়ার পর শুধু একটি করে ব্লেজার দেওয়া হয়েছিল খেলোয়াড়দের। বিদেশি কোচ আনা হয়নি। আবাসিক ক্যাম্প হয় না। অনাবাসিক ক্যাম্প খেলোয়াড়দের দৈনিক ভাতা ৩০০ টাকা। ওই টাকায় প্রয়োজন মেটে না খেলোয়াড়দের। কেডস কেনাসহ অনেক খরচ তাঁদের। খেলোয়াড়দের পক্ষে যা জোগাড় করা কঠিন।
নাম প্রকাশ না করার শর্তে এক খেলোয়াড়ের কণ্ঠে তাই ক্ষোভ, ‘আমরা পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছি। কিন্তু কিছুই পেলাম না। ফেডারেশন আমাদের দিকে নজর না দিলে ভালো ফল আপনি আশা করবেন কীভাবে?’ এই প্রশ্ন সঙ্গে নিয়েই ১২ মে নেপাল যাচ্ছে বাংলাদেশ দল।
খেলোয়াড়দের ক্ষোভ-হতাশা প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে সরকার বললেন, ‘ফেডারেশনের আর্থিক সামর্থ্য বেশি নেই। তবু আমরা প্রতিবারই খেলোয়াড়দের কিছু না-কিছু পুরস্কার দিচ্ছি। এবার ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে পারলে খেলোয়াড়দের জন্য পুরস্কারের পরিমাণ বাড়তে পারে।’