বাস্কেটবল-সিটিসেল মেলবন্ধন
বাস্কেটবলের সঙ্গে সিটিসেলের সেতুবন্ধন তৈরি হয়েছে বছর দুয়েক আগেই। এবার তৃতীয় বছরে এসে সেটি আরও শক্ত হতে যাচ্ছে। এ বছর বাস্কেটবল লিগ, স্বাধীনতা দিবস টুর্নামেন্ট, স্কুল টুর্নামেন্ট আয়োজনে আর্থিক সহায়তা করবে সিটিসেল। বাড়তি হিসেবে যোগ হয়েছে প্রশিক্ষণ শিবির। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে পৃষ্ঠপোষকেরা সাধারণত প্রশিক্ষণের জন্য আর্থিক সহায়তা দেয় না। সেদিক থেকে সিটিসেল একটা দৃষ্টান্তই স্থাপন করছে। শুধু তাই নয়, বাস্কেটবলের উন্নয়নে একটা অবকাঠামো তৈরির ব্যাপারে সহায়তারও পরিকল্পনা আছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানটির। কাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সিটিসেলের করপোরেট যোগাযোগ ও জনসংযোগ বিভাগের প্রধান তাসলিম আহমেদ জানান, সিটিসেল বাংলাদেশের বাস্কেটবলের প্রসারে ভূমিকা রাখতে চায়। ভবিষ্যতেও এই সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে সরকারের আশাবাদ, সিটিসেল যেভাবে সহায়তা করছে, ভবিষ্যতে বাংলাদেশের বাস্কেটবল উঠে দাঁড়াবে। সিটিসেলের পৃষ্ঠপোষকতায় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ১৯ মে শুরু হচ্ছে প্রথম বিভাগ লিগ। জুনের শেষ সপ্তাহ থেকে শুরু হবে স্কুল টুর্নামেন্ট।সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সিটিসেলের মানবসম্পদ পরিচালক সুমন ভট্টাচার্য।