বাস্কেটবলে প্রথম জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানজিংয়ে অনুষ্ঠানরত এশিয়ান যুব গেমসে বাংলাদেশ কাল একমাত্র জয়টি পেয়েছে বাস্কেটবলে। তবে আগের মতোই হতাশার দিনই গেছে শ্যুটিং ও গলফে।
আগের দিন মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে হতাশা উপহার দেন দুই শ্যুটার বিকেএসপির শারমিন আক্তার ও সাভার সেনা শ্যুটিং ক্লাবের শারমিন আক্তার। তবে মেয়েদের তুলনায় কাল ছেলেদের শ্যুটিংয়ে তুলনামূলক একটু ভালো করেছেন শ্যুটার রিয়াসালাতুল ইসলাম। ৬১১ স্কোর করে ৩৭ জনের মধ্যে দ্বাদশ হয়েছেন। ৬১৩.৪ স্কোর করে পরের রাউন্ডে ওঠা সর্বশেষ প্রতিযোগী সিঙ্গাপুরের তাই সেং। বাংলাদেশের আরেক শ্যুটার হাসানুল বান্না হয়েছেন ২১তম। তাঁর স্কোর ৬০৫।
আর থ্রি অন থ্রি বাস্কেটবলের গ্রুপ পর্বে প্রথম জয় পেয়েছে বাংলাদেশের ছেলেরা। কাল তারা ১৮-১৩ পয়েন্টে হারিয়েছে ইরাককে। গলফে বাংলাদেশের গলফার আফনান মাহমুদ দুই রাউন্ড শেষে পারের চেয়ে ৩১ শট বেশি খেলে ২৩তম স্থানে আছেন। দুই রাউন্ড মিলে আফনান খেলেছেন ১৭৪ শট। প্রথম রাউন্ডে খেলেছেন ৯৩ শট, কাল দ্বিতীয় রাউন্ডে খেলেছেন ৮১ শট। আর পারের চেয়ে ১০ শট কম খেলে সবার ওপরে আছেন চীনা তাইপের পানাইয়াতং পংসাতন।