বাস্কেটবলে মারামারি
বাস্কেটবল কোর্টে কাল মারামারিতে জড়িয়ে পড়লেন খেলোয়াড়-কর্মকর্তারা। অভিযোগের তির বিপিএলের ঢাকা গ্ল্যাডিয়েটরসের মালিক সেলিম চৌধুরীর বাস্কেটবল দল ইউরোপা ইয়ুথের বিরুদ্ধে। এই দলের বিদেশি খেলোয়াড় ও কোচের হাতে লাঞ্ছিত হয়ে খেলা শেষ না করেই কোর্ট ছেড়ে এসেছে ধূমকেতু দল। ধানমন্ডি উডেনফ্লোর বাস্কেটবল গ্রাউন্ডে কাল এ ঘটনা ঘটেছে।
সিটিসেল প্রিমিয়ার বাস্কেটবল লিগে ৭ ম্যাচে জিতে শিরোপা দৌড়ে এগিয়ে ধূমকেতু। কালই প্রথম শক্তিশালী ইউরোপার মুখোমুখি হয়েছিল তারা। কিন্তু ম্যাচ শেষ করতে পারেনি ধূমকেতু।
ধূমকেতুর ম্যানেজার ডেনিস পল্লব জানিয়েছেন, ‘রেফারি ম্যাচের শুরু থেকেই আমাদের বিরুদ্ধে বাঁশি বাজাচ্ছিলেন। প্রতিবাদ করেও প্রতিকার পাইনি। একপর্যায়ে ইউরোপার বিদেশি খেলোয়াড়েরা স্লেজিং শুরু করে। আমাদের খেলোয়াড় তারেক এর প্রতিবাদ করলে ওর মুখে ঘুষি মারে ওদের বিদেশি খেলোয়াড় চেয়ান্নি। আমি রেফারিকে এটা জানালে ওদের বিদেশি কোচ এসে আমার গায়েও হাত তোলেন। শেষ পর্যন্ত আমরা না খেলে মাঠ ছাড়তে বাধ্য হই।’ পরে ফেডারেশনের সাধারণ সম্পাদকের কাছে ঘটনাটির বিচার চেয়ে একটি লিখিত আবেদন করেছে ধূমকেতু। এ ব্যাপারে ঢাকা গ্ল্যাডিয়েটরসের কর্মকর্তা ওয়াসিফ আহমেদের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি; বরং সংযোগ বিচ্ছিন্ন করে দেন।