বাস্কেটবলে রাজত্ব যুক্তরাষ্ট্রেরই

এ গ্রহের সেরা বাস্কেটবল দল বলে মানা হয় তাদের। সেই যুক্তরাষ্ট্র অলিম্পিক বাস্কেটবলে সোনা জিতবে, এটাই তো স্বাভাবিক। চ্যাম্পিয়ন না হতে পারলে সেটাই বরং বিস্ময়কর কাণ্ড হতো। কেভিন ডুরান্ট ও ডিমার্কাস কাজিনস সে রকম কিছু হতেও দিলেন না। পরশু অলিম্পিকের শেষ দিনে সার্বিয়াকে ৯৬-৬৬ পয়েন্টে উড়িয়ে দিয়ে পুরুষ বাস্কেটবলে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে অলিম্পিক পুরুষ বাস্কেটবলে টানা ২৫ ম্যাচ জিতল আমেরিকানরা।
অলিম্পিকের পুরুষ বাস্কেটবলে যুক্তরাষ্ট্রের রাজত্ব কতটা একতরফা সেটি বোঝানোর জন্য শুধু একটি তথ্যই যথেষ্ট। ১৮ বার অলিম্পিকে অংশ নিয়ে ১৫ বারই সোনা জিতেছে তারা। যুক্তরাষ্ট্র সর্বশেষ চ্যাম্পিয়ন হতে পারেনি ২০০৪ সালে এথেন্সে, ওই আসরে সোনা জিতেছিল আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্র বিস্ময়করভাবে জিতেছিল ব্রোঞ্জ।
ওই অলিম্পিকেই অভিষেক হয়েছিল যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড কারমেলো অ্যান্থনির। এরপর টানা তিনটি অলিম্পিকের সোনাজয়ী দলের সদস্য তিনি। অলিম্পিক বাস্কেটবলে তিনটি সোনাজয়ী একমাত্র খেলোয়াড়ও ৩২ বছর বয়সী এই নিউইয়র্ক নিকস ফরোয়ার্ড। অনন্য এই কীর্তি গড়ে উচ্ছ্বসিত অ্যান্থনি, ‘এটা আমার জন্য একটা বিশেষ মুহূর্ত। আমি খুবই আনন্দিত। তবে এটাই আমার শেষ অলিম্পিক।’ এএফপি, রয়টার্স।
অন্য ম্যাচে অস্ট্রেলিয়াকে ৮৯-৮৮ পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে স্পেন।