বাস্কেটবলে সেরা ইউরোপা ইয়ুথই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস্কেটবলের ইউরোপা ইয়ুথ তাদের প্রাধান্য ধরে রেখেছে। প্রিমিয়ার ডিভিশনের পর কাল শেষ হওয়া সিটিসেল ফেডারেশন কাপেও অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে দলটি। ধানমন্ডি ইনডোরে এদিন ফেডারেশন কাপের ফাইনালে ইউরোপার কাছে ৮৮-৬৭ পয়েন্টে হেরেছে বিকেএসপি।ইউরোপা ইয়ুথে ছিলেন জাতীয় দলের সেরা খেলোয়াড় রাশেদ, মিথুনরা। বিকেএসপি একেবারেই তরুণদের নিয়ে গড়া দল। তার পরও সম্প্রতি ভারতের চণ্ডীগড়ে রাও জয়সিং স্মৃতি টুর্নামেন্টে রানার্সআপ হওয়ায় বিকেএসপির আত্মবিশ্বাস ছিল ভালোই। কিন্তু ইউরোপা ইয়ুথের সঙ্গে শেষ পর্যন্ত পেরে ওঠেনি। ইউরোপার পক্ষে সর্বোচ্চ ২৩ স্কোর করেন রাশেদ।প্রথমবারের মতো চ্যাম্পিয়ন, উচ্ছ্বসিত ইউরোপার কোচ ওয়াসিফ আলী বললেন, ‘খুবই ভালো খেলেছে ছেলেরা। অনুশীলন যদিও মাত্র ১৫ দিনের ছিল।’ফাইনাল শুরুর আগে তৎকালীন পূর্ববাংলায় বাস্কেটবলের প্রবর্তক ব্রাদার টমাস মুরের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। ১৯৫০ সালে সেন্ট গ্রেগরি হাইস্কুলে বাস্কেটবল শুরু করা গত পরশু যুক্তরাষ্ট্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্রাদার টমাস।