বাস্কেটবলেও ক্রিকেটের ফিক্সিং প্রসঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ সম্মেলন বাস্কেটবলের। কিন্তু অনেকটা সময় জুড়ে রইল ক্রিকেটের ম্যাচ পাতানো প্রসঙ্গ। গত বিপিএলের ফ্র্যাঞ্চাইজি ঢাকা গ্ল্যাডিয়েটরসের মালিক সেলিম চৌধুরীর ক্লাব ইউরোপা ইয়ুথ খেলে বাস্কেটবলে। বিপিএলে চ্যাম্পিয়ন দলটির সাফল্যে অনুপ্রাণিত হয়েই সম্ভবত বাস্কেটবলেও গত মৌসুমে ইউরোপা ইয়ুথ নাম বদলে হয়ে গিয়েছিল ঢাকা গ্ল্যাডিয়েটরস।বরাবর ইউরোপা ইয়ুথ নামে খেললেও গত মৌসুমের পুরোটা সময় ক্লাবটির হলুদ রঙের জার্সিতে ছিল ঢাকা গ্ল্যাডিয়েটরসের নাম ও লোগো। এবার অবশ্য ফেডারেশনের তালিকায় ইউরোপা ইয়ুথের নামই লেখা হয়েছে। ক্রিকেটে তাদের নামের পাশে যে কলঙ্কের দাগ লেগেছে, সেটা মুছতেই কি এমন আয়োজন? কিন্তু বাস্কেটবলে তাদের নিয়ে কোনো অভিযোগ ওঠেনি বলে প্রিমিয়ার লিগে দলটির খেলতে কোনো বাধা নেই বলে জানালেন ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে সরকার।ধানমন্ডি উডেনফ্লোর জিমনেসিয়ামে ৮ জুন শুরু হচ্ছে সাত দলের সিটিসেল প্রথম বিভাগ বাস্কেটবল। প্রথম বিভাগে কোনো অবনমন নেই। চ্যাম্পিয়ন ও রানার্সআপরা খেলবে প্রিমিয়ারে। প্রিমিয়ারে গত দুই মৌসুমেই অপরাজিত চ্যাম্পিয়ন ইউরোপা ইয়ুথ। বিপিএলে ঢাকা গ্ল্যাডিয়েটরসকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে, অভিযোগ প্রমাণিত হলে বহিষ্কারও হতে পারে দলটি। তবে কাল সংবাদ সম্মেলনে এ কে সরকার বললেন, বাস্কেটবলে ইউরোপা গ্রুপকে নিয়ে এখনো তেমন পরিস্থিতি আসেনি, ‘ক্রিকেটে স্ক্যান্ডাল উঠলেও বাস্কেটবলে এখনো কোনো প্রশ্ন ওঠেনি। তা ছাড়া বাংলাদেশের বাস্কেটবলের প্রসারে এই ক্লাবের অবদান আছে। ক্রিকেটের সঙ্গে এটাকে মেলাতে চাই না আমরা। সার্বিক বিষয় বিবেচনা করে ক্লাবটিকে প্রিমিয়ার লিগ থেকে বাদ দেওয়ারও কোনো সিদ্ধান্ত আমরা নিতে পারি না।’গতবারের মতো এবারও প্রিমিয়ারে খেলতে পারেন যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া ও ভারতের খেলোয়াড়েরা।