বাস্কেটবলের সেরা ইউরোপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুভুজেলা, বাঁশি আর ঢোলের দ্রিম দ্রিম শব্দে কান পাতা দায়। তার সঙ্গে ছিল গ্যালারিতে জড়ো হওয়া হাজার খানেক দর্শকের গগনবিদারী চিৎকার। ধানমন্ডি বাস্কেটবল জিমনেসিয়াম অনেক দিন দর্শকের এমন জোয়ার আর কোলাহলের সাক্ষী হয়নি। এই জোয়ারের মধ্যে ইউরোপা ইয়ুথ জিতল সিটিসেল প্রিমিয়ার বাস্কেটবল লিগের শিরোপা। গতকাল লিগের শেষ খেলায় তারা ৮৬-৫৭ পয়েন্টে হারিয়ে দিল গ্রেগরিয়াসকে। এর আগে ২০০৩-এ প্রথম বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিল ইউরোপা ইয়ুথ।শক্তি বাড়াতে ইউরোপা ইয়ুথ উড়িয়ে এনেছিল আইভরি কোস্টের কেভিন-আবদুল এবং ভারতের খেলোয়াড় গৌতম ও সঞ্জয়কে। তাদের মিশন ব্যর্থ হয়নি, জিতল প্রথম প্রিমিয়ার লিগের শিরোপা। তিন বিদেশি খেলানোর নিয়ম থাকায় গৌতমকে কাল নামাতে পারেননি কোচ ওয়াসিফ আলী। কোর্টের পাশে তাই সহকারী কোচের ভূমিকায় দাঁড়িয়ে যান ভারতের সাবেক অধিনায়ক।প্রথম পয়েন্ট পেয়েছিল গ্রেগরিয়াসই। কিন্তু খানিক পরই শুরু ইউরোপার পয়েন্ট সংগ্রহ। একবার করে বল বাস্কেটে ঢোকে, অমনি মুহুর্মুহু চিৎকার, সঙ্গে ড্রামের বাড়ি। ইউরোপার স্কোর বাড়তে থাকে, গ্রেগরিয়াস সমর্থকদের কণ্ঠ হতে থাকে নীরব।ইউরোপা দলে খেলেছেন জাতীয় দলের পাঁচ খেলোয়াড়। আজ তাঁরা এশিয়ান বাস্কেটবলের বাছাইপর্বে খেলতে দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়বে। এই জয়টা বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে জানালেন দলের অধিনায়ক রাশেদ আহমেদ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী।