
একটু আগে এই কোর্টেই খেলে গেলেন নোভাক জোকোভিচ। শুধু খেলা? জোকোভিচ বললেনও, ‘খেলাধুলায় যেকোনো কিছুই ঘটতে পারে। আর উইলিস তো নিজের দেশে খেলছে, দেখা যাক কী হয়।’
না, জোকোভিচ যা ইঙ্গিত করেছেন তা হয়নি। বিস্ময়কর ঘটনারও তো একটা সীমা আছে! বিশ্বের ৭৭২ নম্বর খেলোয়াড় হারিয়ে দেবেন সর্বকালের সেরা রজার ফেদেরারকে! কিন্তু মার্কাস উইলিস যতটুকু করেছেন, তাতেই পুরো গ্যালারি দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছে পরশু ম্যাচ শেষে। ফেদেরারের কাছে হারলেও শেষ দুই সেটে লড়াই তো করেছেন। ফলটা ৬-০, ৬-৩, ৬-৪! ফেদেরারের বিপক্ষে তিন সেটে সাতটা গেম জিতেছেন, এও তো বিস্ময়ের!
এবারের উইম্বলডনের আগেই আলোচনায় উইলিস। পেশাদার সার্কিটে কখনোই কোনো ম্যাচ না খেলা উইলিস যখন টানা ছয় ম্যাচ জিতে পার করলেন উইম্বলডনের বাছাইপর্ব। শুধু তা-ই নয়, প্রথম রাউন্ড জিতে মুখোমুখি হলেন রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লামজয়ীর।
জোকোভিচের সঙ্গে দেখা করার স্মৃতি টাটকা থাকতে থাকতেই ফেদেরারের বিপক্ষে খেলতে নামা—কদিন আগে এসব ভাবতে পেরেছিলেন উইলিস! এখনই কি পারছেন? প্রতিটা মুহূর্ত তো তাঁর মনে হয়েছে স্বপ্ন। পরশু খেললেনও সেই স্বপ্নের ঘোরে থেকেই। একটু পরপরই হাসছিলেন। খেলতেই নেমেছিলেন ফেদেরারের ‘আরএফ’ মনোগ্রাম লেখা শার্ট পরে।
ফল যা হওয়ার কথা, সেভাবেই এগোচ্ছিল ম্যাচ। ০-২ গেমে পিছিয়ে পড়লেন দ্রুতই। কিন্তু নেটে এগিয়ে আসা আক্রমণাত্মক ফেদেরারকে বোকা বানিয়ে দুর্দান্ত এক লব করে তুমুল করতালি কুড়োলেন। ০-৫-এ পিছিয়ে থাকার সময় ‘এইস’ মেরে বিশ্বজয়ের আনন্দে মাতলেন। সেটা তো তাঁর জন্য বিশ্বজয়ই। মাত্র ২৪ মিনিটে হারলেন প্রথম সেট, ৬-০।
দ্বিতীয় সেটের শুরুতে অবশ্য লড়াই করলেন। ২-২ করেও ফেললেন। কিন্তু এ সময় নিতে হলো শুশ্রূষা। টানা অষ্টম ম্যাচ খেলছেন, ধকল তো কম যায়নি! দ্বিতীয় সেটটা হারলেন ৬-৩-এ। ‘লাভ ইউ রজার’ চেনা চিৎকার মাঝেমধ্যেই ভেসে আসছিল যে গ্যালারি থেকে, সেটির বেশির ভাগ অংশই কিন্তু স্বাগতিক খেলোয়াড়টির বিপক্ষে। তবু উইলিসের প্রতিটা পয়েন্টই পেয়েছে অভিনন্দন।
তৃতীয় সেটে ঘটল বিস্ময়কর সেই ঘটনাটি। স্কোর ৪-৩! উইলিস এগিয়ে! ভাবা যায়! ক্যামেরায় ধরা পড়ল প্রেমিকা জেন বেইটের আনন্দে হতবিহ্বল মুখ। যাঁর অনুরোধেই পাঁচ মাস আগে অবসর নেওয়ার সিদ্ধান্ত বদলেছেন। ভাগ্যিস, না হলে কি আর এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে পারতেন!
শেষ পর্যন্ত ফলটা কী হয়েছে, তা তো আগেই জেনেছেন। তবে পুরো গ্যালারি উইলিসকে অভিবাদন জানিয়েছে ম্যাচ শেষে। ফেদেরার নিজে পিঠ চাপড়ে দিয়েছেন। আর প্রেমিকার কাছ থেকে চুমু তো মিলেছেই। স্বপ্নের মতো কয়েকটি দিন পার করার পর উইলিস বলেছেন, ‘এবার নিজের জন্য একটা পানীয় পাওনা থাকল!’ সূত্র: এএফপি।