বাস্তবতা মেনে নিয়েছে কিউইরা

বোল্ট-ব্রেসওয়েল-ওয়াগনার। সঙ্গে বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন। প্রথম টেস্টে নিউজিল্যান্ডের সম্ভাব্য পেস আক্রমণ। একদম নতুন উইকেটে নতুন বলে বাংলাদেশের ব্যাটসম্যানদের সামলাতে হবে তিন বাঁহাতি আর দীর্ঘদেহী এক ডানহাতি পেসার নিয়ে গড়া এই পেস আক্রমণ। বাংলাদেশও তাই কাল প্রস্তুতি নিল চট্টগ্রামের বোল্ট-ওয়াগনারদের খেলে। প্রস্তুতির জন্য বাংলাদেশের নেটে আনা হলো স্থানীয় তিন বাঁহাতি পেসার ও এক দীর্ঘদেহী ডানহাতি পেসারকে। চট্টগ্রাম প্রিমিয়ারে খেলা বাঁহাতি পেসার মিরাজ তো ভেতরে ঢোকা বলে বারবার নাকাল করে ছাড়ছিলেন নাঈম-নাসিরদের।
দুপুরে চট্টগ্রামের বোল্ট-ওয়াগনাররা যেতেই অনুশীলনে এলেন আসলজনেরা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কৃত্রিম টার্ফেও যে বোলিং করলেন, বোঝা গেল টেস্ট সিরিজেও তাঁরা ঝড় তোলার অপেক্ষায়। ৪ টেস্ট খেলা বাঁহাতি স্পিনার ব্রুস মার্টিন কিংবা আনকোরা লেগ স্পিনার ইশ সোধি খুব একটা দুর্বোধ্য হওয়ার কথা নয় বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য। কিন্তু উইকেট যেমনই হোক, কিউই পেসাররা নিশ্চিতভাবেই কঠিন পরীক্ষা নেবেন বাংলাদেশের ব্যাটসম্যানদের।
পরশু রাতে যে শঙ্কা নিয়ে ঘুমাতে গিয়েছিল কিউইরা, সেটা সত্যি কাল সাতসকালেই। তিন দিনের ম্যাচের আনুষ্ঠানিক সমাপ্তি দ্বিতীয় সকালেই! এমএ আজিজ স্টেডিয়ামের আউটফিল্ডে প্যাচপেচে কাদা, বৃষ্টি না হলেও আগামী চার-পাঁচ দিন ম্যাচ হওয়া সম্ভব নয়। সকাল পৌনে ১০টার দিকেই তাই ম্যাচের ইতি টেনে দেন ম্যাচ অফিশিয়ালরা।
হতাশার ক্ষতে খানিকটা সান্ত্বনার প্রলেপ পেয়েছে কিউইরা দুপুরের দিকে। কালো মেঘ ফুঁড়ে হঠাৎই হেসে উঠে চট্টগ্রামের আকাশ। কিউইরা অনুশীলন করতে চেয়েছিল মূল মাঠেই। কিন্তু সূচিতে নেই বলে কিউরেটর জাহিদ রেজা বাবু কোনোভাবেই তাঁদের ঢুকতে দেবেন না মাঠে। এরই মধ্যে খানিকটা ফাঁক পেয়ে উইকেটে চোখ বুলিয়ে আসেন কোচ মাইক হেসন ও অধিনায়ক বেন্ডন ম্যাককালাম। শেষ পর্যন্ত সবিনয় অনুরোধের পর মিলেছে মাঠে মিনিট পনেরো গা গরমের সুযোগ—এবার বাংলাদেশে পা রাখার পর এই প্রথম ঘাসের ছোঁয়া!
ব্যাটিং-বোলিং অনুশীলন সীমাবদ্ধ ওই ইনডোরেই। চ্যাম্পিয়নস লিগ খেলে পরশু সন্ধ্যায় যোগ দেওয়া ম্যাককালাম তিন নেটে ঘুরেফিরে ব্যাটিং করলেন দীর্ঘ সময়। সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন অবশ্য তাঁর ডেপুটি, ব্যাটিংয়ের মতো কথাবার্তায়ও পরিমিত কেন উইলিয়ামসন। মৃদুভাষী ব্যাটসম্যান প্রস্তুতি ম্যাচ ভেস্তে যাওয়ায় হতাশ, তবে খুব বেশি আক্ষেপের ছোঁয়া পাওয়া গেল না কণ্ঠে, ‘ম্যাচ না হওয়াটা হতাশার। তবে ছেলেরা সম্প্রতি অনেক ক্রিকেট খেলেছে (চ্যাম্পিয়নস লিগ, ‘এ’ দলের ভারত ও শ্রীলঙ্কা সফর)। খেলাটা হলে অবশ্যই ভালো হতো, কিন্তু প্রকৃতির ওপর তো কারও হাত নেই!’
এই নিয়ে বাংলাদেশে প্রস্তুতি ম্যাচ ভেস্তে যাওয়ার হ্যাটট্রিক হলো নিউজিল্যান্ডের। গত সফরেও (২০১০) বৃষ্টির পেটে গিয়েছিল দুটি প্রস্তুতি ম্যাচ। সেবারও বিকেএসপির মাঠের অবস্থা ছিল করুণ, এবার এমএ আজিজের। তিন দিনের ম্যাচের যবনিকা দ্বিতীয় দিন সকালেই, মাঠ নিয়ে ক্ষোভও থাকতে পারত কিউইদের। কিন্তু উইলিয়ামসন উল্টো যেন সাফাই গাইলেন আয়োজকদের হয়ে। দলের বাকিরাও নাকি মেনে নিয়েছেন বাস্তবতা, ‘আউটফিল্ড খেলার মতো অবস্থায় ছিল না। কিছু তো করার নেই, মেনে নিতেই হবে। ছেলেরা অনেক অনেক ক্রিকেট খেলেছে, অনেকে এখানেও খেলেছে। প্রস্তুতি ম্যাচ না হওয়াটা হতাশার, কিন্তু অনুশীলনের জন্য হাতে কয়েকটা দিন আছে আমাদের। প্রস্তুতি ম্যাচ না পাওয়ার অজুহাত দেখিয়ে লাভ নেই, বরং সম্ভবসেরা প্রস্তুতি নিয়ে আমাদের নামতে হবে।’
গত সফরেও দলে ছিলেন উইলিয়ামসন। করেছিলেন প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি। তবে দলের ধবলধোলাই লজ্জায় অভিজ্ঞতাটা ছিল তিক্ত। সেবারও শুরুর দিকে কিউইদের কথা ও আচরণে ছিল বিনয় ও সহযোগিতার মনোভাব। একের পর এক ম্যাচে হারের সঙ্গে সঙ্গে যা গিয়েছিল বদলে। এবারও কি সেই অভিজ্ঞতা তাঁদের ফিরিয়ে দিতে পারবে বাংলাদেশ?