বাস্তবের জমিতে প্রত্যাশার পতন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রত্যাশার পারদটা তুঙ্গে পৌঁছে গিয়েছিল। বিশ্বকাপ প্রাক-বাছাইপর্বে পাকিস্তানকে হারানোর নগদ ফল আরকি! কিন্তু বাংলাদেশের সেই প্রত্যাশা একেবারে মুখ থুবড়ে পড়ল লেবাননের মাটিতে। ৪-০ গোলে হারের আশঙ্কা ঘুণাক্ষরেও কেউ করেনি!বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন খুবই হতাশ। কিছু বলতেই চাইলেন না। বললেন একটি মাত্র বাক্য, ‘আমি খুবই দুঃখিত, আমার কিছুই বলার নেই।’কোচ নিকোলা ইলিয়েভস্কি অভিজ্ঞ গোলরক্ষক ও অধিনায়ক বিপ্লব ভট্টাচার্যকে বসিয়ে সেরা একাদশে নিয়েছেন মামুন খানকে। বিপ্লবের সঙ্গে কি কোচের কোনো ঝামেলা হয়েছে? নাকি আসলেই খেলার মতো অবস্থায় ছিলেন না বিপ্লব? কাল দিনভর ফুটবল অঙ্গনে এ নিয়ে আলোচনা চলল। কিন্তু ফেডারেশন কর্তারা এ ব্যাপারে কিছু বলছেন না। ফোনে বারবার চেষ্টা করেও লেবাননে কারোর সঙ্গে যোগাযোগ করা যায়নি। আজ বিকেলে দল দেশে ফেরার আগ পর্যন্ত এটা হয়তো জানা যাবে না। এমনও হতে পারে, বাফুফে সব জেনেও মৌন ব্রত পালন করছে।বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদীও হতাশ, ‘আমার খুবই খারাপ লেগেছে। এভাবে হারব কল্পনাও করিনি।’ তবে এই বিশাল পরাজয়ের সপক্ষে একটা যুক্তিও তিনি দাঁড় করালেন, ‘আমাদের খেলোয়াড়েরা বেশি দিন একসঙ্গে অনুশীলন করতে পারেনি। এটাও এই বাজে হারের কারণ হতে পারে। আমাদের উচিত ছিল আরও আগে থেকে খেলোয়াড়দের একসঙ্গে অনুশীলনের মধ্যে রাখা।’ এশিয়ার বিশ্বকাপ বাছাইপর্বের সেরা বিশে ঠাঁই পেতে হলে ২৮ জুলাই ঢাকায় বাংলাদেশকে জিততে হবে পাঁচ গোলের ব্যবধানে। সালাম রয়েছেন অলৌকিক কিছুর আশায়, ‘ফুটবলে অসম্ভব বলে কিছু নেই। ঢাকায় আমরা হয়তো একটা মিরাকল ঘটিয়েও দিতে পারি!’ম্যাচে অন্তত ড্র আশা করেছিলেন সদ্যই অবসরে যাওয়া অধিনায়ক আমিনুল হক। জাতীয় দলের সাবেক এক নম্বর গোলরক্ষকের কাছে ফলাফলটা এ রকম, ‘র‌্যাঙ্কিংয়ে এখন নিচে থাকলেও লেবানন অবশ্যই আমাদের চেয়ে ভালো দল। কিন্তু এত বড় ব্যবধানে হারটা প্রত্যাশিত নয়।’ বিপ্লবকে ম্যাচে না দেখে একটু অবাক হলেও বললেন, ‘এটা নিতান্তই কোচের সিদ্ধান্ত। কোচ যেটা ভালো মনে করেছেন, সেটাই করেছেন।’র‌্যাঙ্কিংয়ে লেবানন বাংলাদেশের চেয়ে ১৪ ধাপ পিছিয়ে। কিন্তু র‌্যাঙ্কিং দিয়েই যে কোনো দলকে মাপা ঠিক নয়, এমনটাই মনে করেন জাতীয় দলের সাবেক কোচ গোলাম সারোয়ার টিপু, ‘র‌্যাঙ্কিং সব সময় সত্য বলে না। ওরা সব ইউরোপিয়ান স্টাইলে ফুটবল খেলে। ওরা আমাদের চেয়ে অনেক বেশি গতিময়। বল নিয়ে বলুন বা বল ছাড়াই বলুন, সবদিক দিয়েই এগিয়ে ওরা। আরও একটা ব্যাপার, লেবানন বেশির ভাগ সময় খেলে জর্ডান, সিরিয়া, কুয়েত, আরব আমিরাতের সঙ্গে। কিন্তু আমরা একটা অনুশীলন ম্যাচ বা প্রস্তুতি ম্যাচ খেলারও সুযোগ পাই না। তাই র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থেকেও আমাদের কোনো লাভ নেই।’সম্প্রতি লেবানন প্রস্তুতি ম্যাচে হেরেছে কুয়েত, ওমান ও আরব আমিরাতের বিপক্ষে। কুয়েত (র‌্যাঙ্কিং ১০২) ও আরব আমিরাত (র‌্যাঙ্কিং ১১০) তো বিশ্বকাপই খেলেছে। ওমানও (র‌্যাঙ্কিং ১০৭) মধ্যপ্রাচ্যের শক্তিশালী দল। লেবানন-যাত্রার আগে এই বাস্তবতার উল্টো দিকে র‌্যাঙ্কিংকে বড় করে দেখে আশার পাল তুলেছিল বাংলাদেশ। পালটা ছিঁড়ে যাওয়ায় চারদিকে এখন শুধু হতাশা!