বাহরাইন-ইন্দোনেশিয়া ম্যাচ নিয়ে তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে রাখতে বাহরাইনকে জিততে হতো কমপক্ষে ৯ গোলের ব্যবধানে। আর অপেক্ষায় থাকতে হতো ইরানের কাছে কাতারের পরাজয়ের। ইন্দোনেশিয়াকে ১০-০ গোলে হারিয়ে নিজেদের কাজটা করে রাখলেও বাহরাইনের স্বপ্ন ভেঙেছে ইরান-কাতার ২-২ ড্র ম্যাচ। ২০১৪ বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বে ইন্দোনেশিয়া-বাহরাইন ম্যাচটির সামনে এখন বিশাল এক প্রশ্নবোধক চিহ্ন। ইন্দোনেশিয়া ইচ্ছে করেই খারাপ খেলেছে কি না তা নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছে ফিফা। ফিফাকে তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে এএফসি। দুদলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসই আসলে প্রশ্ন তুলেছে। আগের ছয় ম্যাচে প্রতি দলই জিতেছিল দুবার করে।তবে ইন্দোনেশিয়ার ফুটবল কর্তৃপক্ষ যেকোনো ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে। বিশাল ব্যবধানে হারের জন্য ক্ষমা চেয়েছে জনগণের কাছে। আগেই বিদায় নিশ্চিত হওয়ায় গত বুধবার মানামার এই ম্যাচে ইন্দোনেশিয়া অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড় নামিয়েছিল বেশি। ইন্দোনেশিয়ার জাতীয় দলের সমন্বয়কারী বব হিপ্পি অবশ্য খারাপ ফলের জন্য দুষেছেন লেবানিজ রেফারি আন্দ্রে এল হাদাদকে। তাঁর প্রশ্ন, রেফারি কেন ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলরক্ষক সমিসদারকে লাল কার্ড দেখালেন আর বাহরাইনকে উপহার দিলেন চার-চারটি পেনাল্টি? এএফপি, রয়টার্স।