বাহাত্তর মানে বার্সার দুঃস্বপ্নও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসির সৌজন্যে ফিরে এসেছে ১৯৭২-এর স্মৃতি। সেবার এক বর্ষপঞ্জিতে সবচেয়ে বেশি গোলের রেকর্ড করেছিলেন জার্ড মুলার। বার্সেলোনার জন্য বাহাত্তরের স্মৃতি অবশ্য ফিরে আসছে আরেকটি কারণে। সেই বাহাত্তরে বার্সাকে ভয়াবহ এক ক্ষত উপহার দিয়েছিল করদোবা নামের একটি ক্লাব। মানুষের স্মৃতি থেকে প্রায় মুছে যাওয়া সেই করদোবারই আজ মুখোমুখি হচ্ছে বার্সা। কোপা ডেল রের শেষ ষোলোর প্রথম লেগে করদোবার মাঠ আরকানজেলে নামছে টিটো ভিলানোভার দল। ৪০ বছর আগে এই মাঠেই বার্সাকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছিল করদোবা।সেবারও এখনকার মতো রিয়াল-বার্সার লিগের লড়াই জমে উঠেছিল দারুণ। লিগের বাকি ছিল দুই ম্যাচ। বার্সার চেয়ে মাত্র দুই পয়েন্টে এগিয়ে রিয়াল। তাদের ম্যাচ ছিল নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে। আর বার্সার প্রতিপক্ষ ছিল অবনমন নিশ্চিত হয়ে যাওয়া করদোবা। রিয়ালকে ৪-১ গোলে হারিয়ে দিয়েছিল অ্যাটলেটিকো। কিন্তু এগিয়ে যাওয়ার সুযোগ বার্সা হাতছাড়া করেছিল করদোবার কাছে ১-০ গোলে হেরে! ৫৪ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেছিলেন রিয়াল থেকে ধারে খেলতে আসা ফারমিন। তাঁর শট ঠেকাতে পারেনি বার্সার গোলরক্ষক মিগুয়েল রেইনা, লিভারপুল গোলরক্ষক পেপে রেইনার বাবা। করদোবার সেই ‘ঐতিহাসিক’ জয়ের সাক্ষী ছিলেন স্পেনের বর্তমান কোচ ভিসেন্তে দেল বস্কও। সেই মৌসুমের পর আর লা লিগায় খেলার সৌভাগ্য হয়নি করদোবার। এবারও যেমন সেগুন্ডা ডিভিশন থেকেই কোপা ডেল রে খেলতে এসেছে তারা। আগের রাউন্ডে হারিয়ে দিয়েছে শীর্ষ লিগের দল রিয়াল সোসিয়েদাদকে। অঘটনঘটনপটীয়সী সেই দল আজও প্রস্তুত অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকা বার্সাকে ৪০ বছর আগের স্মৃতি ফিরিয়ে দিতে। তবে করদোবা ভালো করেই জানে, বার্সাকে আটকাতে চাইলে আগে আটকাতে হবে মেসিকে। আগের ম্যাচেই যিনি ভেঙেছেন মুলারের সেই রেকর্ড। মেসি আজ খেলবেন কি না, তা অবশ্য নিশ্চিত নয়। তবে খেলার সম্ভাবনাই বেশি। মেসি খেললে কীভাবে তাঁকে আটকানো হবে, সেই পরিকল্পনাও করে ফেলেছে করদোবা। ক্লাবটির প্রেসিডেন্ট কার্লোস গঞ্জালেস বলেছেন, ‘ওকে জেলখানায় আটকে রাখা যায় কি না, এ ব্যাপারে আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি।’ মেসিকে আটকে রাখার এটাই সম্ভবত এখন একমাত্র উপায়!এই বছর লিগে আরও দুটি ম্যাচ পাবেন মেসি। আজ খেললে সব মিলিয়ে ম্যাচ পাচ্ছেন তিনটি। গত ম্যাচে রেকর্ডের পর মেসি কৌতুক করে বলেছেন, ‘আমি এ বছর আরও এক-দুটো গোল করে রেকর্ডটা এমন জায়গায় নিয়ে গিয়ে রাখব, যেন আমার পরে যে রেকর্ডটা ভাঙার চেষ্টা করবে, তাকে অনেক বেগ পেতে হয়।’ রয়টার্স।