বাড়ছে বিশ্বকাপের প্রাইজমানি
এ ট্রফি গৌরবের, অহংকারের, সম্মানের। বিশাল সম্মানের সঙ্গে অর্থযোগও কিন্তু কম নয়। চোখ কপালে তোলার মতো প্রাইজমানি না হলে এর নাম বিশ্বকাপ কেন? অংশগ্রহণকারী দলগুলোর জন্য সুখবর—সেই প্রাইজমানি এবার বাড়ছে গতবারের প্রায় এক-তৃতীয়াংশ। গত দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে মোট প্রাইজমানি যেখানে ছিল ৪২ কোটি ডলার, সেটা এবার বেড়ে হচ্ছে ৫৬ কোটি ডলার।
পরশু প্রাইজমানি বৃদ্ধির তথ্যটা নিশ্চিত করে ফিফার সাধারণ সম্পাদক জেরোম ভালকে বলেছেন, যদি গত বিশ্বকাপের সঙ্গে তুলনা করেন তাহলে অন্তত ৩৩ শতাংশের বিশাল বৃদ্ধি হবে এবার প্রাইজমানিতে। গতকালই ব্রাজিলের বাহিয়া রাজ্যে ফিফার অর্থ কমিটির বৈঠকে অঙ্কটা নিশ্চিত হয়ে যাওয়ার কথা। মোট প্রাইজমানি বাড়ায় স্বাভাবিকভাবেই বেড়ে যাচ্ছে চ্যাম্পিয়ন-রানার্সআপ দলের প্রাইজমানিও। ২০১০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে স্পেন পেয়েছিল ৩ কোটি ডলার, ব্রাজিল বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে প্রায় ৪ কোটি ডলার।
এ তো গেলে অংশগ্রহণকারী দলগুলোর আর্থিক যোগের কথা। বিশ্বকাপে না থেকেও বেশ ভালো অঙ্ক কামিয়ে নেবে ইউরোপের নামীদামি ক্লাবগুলো। বিশ্বকাপে খেলোয়াড় জোগান দেওয়ার জন্য ক্লাবগুলোকে প্রায় ৭ কোটি ডলার দেবে ফিফা। রয়টার্স।