বাড়তি নিরাপত্তার আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কা বলেনি যে আগামী মাসে তারা বাংলাদেশে আসবে না। এসিসিও বলেনি এশিয়া কাপের জন্য নিরাপদ নয় বাংলাদেশ। মার্চে এ দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিরাপদ হবে না, তেমন কিছু বলেনি আইসিসিও। তার পরও ফিসফাস শুরু হয়ে গেছে। বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি আসলে কতটা নিরাপদ ক্রিকেট এবং ক্রিকেটারদের জন্য?
এই ফিসফাস বিদেশি সংবাদমাধ্যমে যেমন আসছে, বাংলাদেশের সাধারণ ক্রিকেটপ্রেমীদের মধ্যেও কৌতূহল জাগাচ্ছে, এশিয়া কাপ হবে তো বাংলাদেশে! টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসবে তো বিদেশি দলগুলো? তারও আগে প্রশ্ন—জানুয়ারিতে আসবে তো শ্রীলঙ্কা? আগামী জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত যেখানে বাংলাদেশের মানুষের একটার পর একটা ক্রিকেট আয়োজনে বুঁদ হয়ে থাকার কথা, সেখানে এখন সেসব সিরিজ আর টুর্নামেন্ট নিয়ে সবার মনেই কাজ করছে চাপা অনিশ্চয়তা।
আশার কথা, যেসব দল এ দেশে খেলতে আসবে বা যারা বাংলাদেশে এসব খেলা আয়োজন করবে, তাদের কারও পক্ষ থেকেই এখন পর্যন্ত নেতিবাচক কোনো বার্তা আসেনি। তার পরও পাকিস্তানকে নিয়ে একটা শঙ্কা থাকে। কথা দিয়েও শেষ পর্যন্ত পাকিস্তান সফরে দল না পাঠানোয় পিসিবির সঙ্গে বিসিবির সম্পর্ক তিক্ত হয়ে আছে এমনিতেই। যার প্রভাব পড়েছে গত বিপিএল এবং সর্বশেষ প্রিমিয়ার ক্রিকেট লিগেও। কোনোটিতেই পাকিস্তানের খেলোয়াড়দের খেলার অনুমতি দেয়নি পিসিবি। এ অবস্থায় আসন্ন এশিয়া কাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশে খেলার ব্যাপারে পিসিবির আপত্তি জানানোর শঙ্কা তো থাকেই।
পিসিবি আপত্তি জানালেও জানাবে এসিসি বা আইসিসির কাছে। বাংলাদেশের মাটিতে হলেও এশিয়া কাপ আর টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক তো তারাই। তবে কাল বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী নিশ্চিত করেছেন, বাংলাদেশে খেলার ব্যাপারে এখনো কোনো মহল থেকেই কোনো আপত্তি আসেনি, ‘শ্রীলঙ্কা, এসিসি বা আইসিসি কেউই এখনো সে রকম কিছু বলেনি।’
তবে সংবাদমাধ্যমে বাংলাদেশে চলমান অস্থিরতার সম্পর্কে জেনে এ দেশে আসার অপেক্ষায় থাকা কেউ উদ্বিগ্ন হবে না, সেটা ভাবা বোকামি। বিসিবি তেমন ভাবছেও। সে জন্যই বিশ্বকাপ পর্যন্ত যারাই বাংলাদেশে ক্রিকেটীয় কর্মকাণ্ডে অংশ নিতে আসবে, সবাইকে বাড়তি নিরাপত্তার আশ্বাস দিয়ে রাখছে বিসিবি। কাল ভারপ্রাপ্ত প্রধান নির্বাহীই জানালেন, ‘আপাতত আমাদের ভাবনায় শ্রীলঙ্কা সিরিজ। তাদের আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনার কথা জানিয়েছি। সেখানে স্বাভাবিকের চেয়ে বাড়তি নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে। তবে শ্রীলঙ্কা থেকে এখনো এর কোনো জবাব আসেনি।’ দলের সঙ্গে বাড়তি নিরাপত্তারক্ষী, গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তার ব্যবস্থা, মাঠ-হোটেলে যাতায়াতের বিকল্প রাস্তা—এসবই আছে সেই পরিকল্পনায়। একই রকম আশ্বাস বিসিবি আইসিসিকেও দিয়েছে বলে জানালেন নিজাম উদ্দিন চৌধুরী, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত যারাই বাংলাদেশে আসবে, সবাইকে আমরা এই বাড়তি নিরাপত্তা দেব। এটা আইসিসিকেও জানানো হয়েছে।’
আইসিসির মাধ্যমে পাকিস্তানকেও কি অগ্রিম বার্তা দিয়ে রাখল বিসিবি?