বাড়তি সময় পেল পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ ডিসেম্বরের মধ্যে বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করতে পাকিস্তানকে সময় বেঁধে দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনুরোধের পরিপ্রেক্ষিতে ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়িয়েছে ক্রিকেটের এ সর্বোচ্চ সংস্থা।পিসিবির একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, স্পট ফিক্সিংয়ের অভিযুক্ত তিন ক্রিকেটারের বিরুদ্ধে তদন্তের বিস্তারিত তথ্য জানতে আইসিসির কাছে সময় চেয়েছিল পাকিস্তান। এ পরিপ্রেক্ষিতে বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণার সময় বাড়িয়ে ৫ জানুয়ারি পর্যন্ত বেঁধে দিয়েছে আইসিসি।আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় বিশ্বকাপে শীর্ষ পাঁচ ক্রিকেটারকে দলে পাওয়া নিয়ে সংশয়ে আছে পাকিস্তান। গত মাসে খবর বেরোয়, এ পাঁচ ক্রিকেটারকে দলে না রাখতে নাকি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে পরামর্শ দিয়েছে আইসিসি।পাঁচ ক্রিকেটারের মধ্যে তিনজন লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের অভিযোগে অভিযুক্ত, বর্তমানে আইসিসির সাময়িক নিষেধাজ্ঞায় থাকা সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ। আর বাকি দুজন উইকেটরক্ষক কামরান আকমল ও লেগস্পিনার দানিশ কানেরিয়া। এ পাঁচ ক্রিকেটারকে দলে আনার অনুমতি পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান।