বাড়ল ভোটের সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার কি রোনালদোরই হাতে ব্যালন ডি’অর?  ফাইল ছবি
এবার কি রোনালদোরই হাতে ব্যালন ডি’অর? ফাইল ছবি

খবরটা শুনে রোনালদোর খুশি হওয়ারই কথা। এটা যে তাঁর জন্য সুসংবাদই। ব্যালন ডি’অরে ভোট দেওয়ার সময় বাড়িয়েছে ফিফা। পূর্বঘোষিত সময় ১৫ নভেম্বর শেষ হয়ে গেলেও নতুন ঘোষণা অনুযায়ী বর্ষসেরা ফুটবলার বেছে নেওয়ার জন্য ভোট দেওয়া যাবে ২৯ নভেম্বর পর্যন্ত। আগেই যাঁরা ভোট দিয়ে রেখেছিলেন তাঁরা চাইলে এবার ভোট বদলাতেও পারবেন।

‘ভোটে যতটা সাড়া পাওয়ার কথা ছিল সেটা পাওয়া যায়নি বলেই সময় বাড়ানো হচ্ছে’—এটা ফিফার ব্যাখ্যা। তবে সমালোচকেরা বলছেন অন্য কথা। গত মাসে ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের তির্যক মন্তব্যের পর ফুঁসে ওঠা রোনালদোকে ঠান্ডা করতেই নাকি এই বর্ধিত সময়। আগের সময়টা শেষ হয়েছিল সুইডেনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে রোনালদোর অসাধারণ পারফরম্যান্সের আগেই। যেহেতু এটা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার, সুতরাং রোনালদোর এই পারফরম্যান্সটাও সেখানে একটা বড় নিয়ামক হওয়া উচিত। কিন্তু আগেই যাঁরা ভোট দিয়েছেন তাঁরা সেই সুযোগটা পাননি। যদিও ব্যক্তিগত পারফরম্যান্স বিবেচনায় নিলে এ বছর অন্যসব প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এমনিতেই এগিয়ে রোনালদো। তবে বর্ধিত সময়ে কেউ যদি ভোট বদলাতে চান, সে ক্ষেত্রে সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় লাভটা রোনালদোরই বেশি হওয়ার কথা।

রোনালদোর সঙ্গে ব্ল্যাটারের আপসের চেষ্টা আরেকটু স্পষ্ট হয়েছে পর্তুগাল-সুইডেন দ্বিতীয় লেগের ম্যাচের পরও। কিছুদিন আগেই রসিকতা করে যাঁর সমালোচনা করেছিলেন, ওই ম্যাচের পর সেই রোনালদোতেই মুগ্ধ হয়ে টুইট করেছেন ফিফা সভাপতি। অভিনন্দন জানিয়েছেন পর্তুগিজ উইঙ্গারকে। তবে ওই দিনই পর্তুগালের একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে রোনালদোর কথা শুনে মনে হচ্ছে ব্ল্যাটারের ওপর থেকে ক্ষোভ এখনো কমেনি তাঁর, ‘আমি ব্যালন ডি’অরের স্বপ্নে বিভোর নই। প্রতিবছরই আমি ৪০-৫০টি গোল করি। আমার কারও সমালোচনার জবাব দেওয়ার দরকার নেই, যা করার মাঠেই তো করছি।’

রোনালদো নিজে ব্যালন ডি’অরের স্বপ্নে হয়তো বিভোর নন। তবে তাঁর ভক্তরা কিন্তু স্বপ্ন দেখছেন—চার বছর পর প্রিয় তারকার হাতে উঠছে ব্যালন ডি’অর। সেই ভক্তদের একজন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয়। এ বছরের সেরা ফুটবলারের পুরস্কারটা প্রিয় তারকার হাতে দেখতে যেন তর সইছে না তাঁর, ‘আমি রিয়াল মাদ্রিদের ভক্ত। সব সময়ই মাদ্রিদের ভক্ত ছিলাম। আমার যদি ভোট দেওয়ার সুযোগ থাকত, আমি ওকেই বেছে নিতাম।’ ওয়েবসাইট।