
লুইস সুয়ারেজের কামড়-কাণ্ডটা বাসি হতে না-হতেই আরেক কাণ্ড। এবার কোচ ও কর্মকর্তার সঙ্গে দুর্ব্যবহার করে বিশ্বকাপের মাঝপথেই বহিষ্কৃত হলেন ঘানার দুই খেলোয়াড়।
জার্মানির সঙ্গে তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে সারা বিশ্বের ফুটবলমনস্ক মানুষের। কিন্তু তার পর থেকেই মাঠের বাইরের ঘটনার কারণে শিরোনাম হচ্ছে ঘানা। প্রথমে দেশটির সরকার খেলোয়াড়দের চাপে ভাড়া করা বিমানে পাঠাতে বাধ্য হলো বিশ্বকাপে অংশ নেওয়া বাবদ অর্থ ৩০ লাখ ডলার। সেটি যদি পর্তুগালের সঙ্গে ম্যাচের আগে দলের মনোবল বাড়িয়ে দিয়ে থাকে, পুরোটাই নষ্ট হয়ে গেছে সুলে মুন্তারি আর কেভিন প্রিন্স-বোয়াটেংয়ের অবিমৃশ্যকারিতায়।
দুজনকেই অনির্দিষ্ট কালের জন্য বহিষ্কার করেছে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ)। এসি মিলান মিডফিল্ডার মুন্তারির শাস্তি হয়েছে দলের কার্যনির্বাহী পরিষদের সদস্য মোজেস আরমাহের ওপর চড়াও হওয়ার কারণে। অন্যদিকে কেভিন বোয়াটেং শাস্তি পেয়েছেন কোচ কোয়েসি আপিয়াকে গালাগালি করার জন্য। তাৎক্ষণিকভাবে দুজনেরই বিশ্বকাপের অ্যাক্রিডিটেশন বাতিল করেছে জিএফএ। বোয়াটেং যদি অনুতপ্ত হতেন, শাস্তি হয়তো কিছুটা কমত, কিন্তু শালকের মিডফিল্ডার জানিয়ে দিয়েছেন, অনুশীলনের সময় কোচকে গালাগালি করার জন্য বিন্দুমাত্র অনুতপ্ত নন তিনি। আর তাই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো উপায় দেখেনি জিএফএ।
তবে বোয়াটেং কিন্তু বলছেন অন্য কথা, ‘গতকাল অনুশীলনে একটা ট্যাকলের সময় আমি বললাম, মুন্তারি বল হাত দিয়ে ধরেছে। ও বলল, ও ধরেনি। আমি তখন মজা করে ওকে বললাম, “তুমি কি রেফারি নাকি?” আমরা হাসাহাসি করছিলাম, কিন্তু কোচ বুঝতে পারছিলেন না কেন। আমরা বললাম, তেমন কিছু হয়নি, কিন্তু তিনি আমাদের দুজনকেই মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। অনুশীলন শেষে আমি জানতে চাইলাম, আমাকে নিয়ে তাঁর সমস্যাটা কোথায়? তিনি তখন আমার সঙ্গে চিৎকার করতে লাগলেন। আমি তাঁকে অপমান করিনি। আমি দেশে ফিরছি, কিন্তু দলের জন্য আমার শুভকামনা থাকল’—জার্মান পত্রিকা স্পোর্ট বিল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন বোয়াটেং।
মুন্তারি যুক্তরাষ্ট্র ও জার্মানির সঙ্গে খেলায় মূল একাদশে থাকলেও বোয়াটেং প্রথম ম্যাচে নেমেছিলেন বদলি হিসেবে। দ্বিতীয় ম্যাচ শুরু করলেও কোচ তাঁকে নামিয়ে দেন দ্বিতীয়ার্ধে। গত বিশ্বকাপের অন্যতম চমক ‘ব্ল্যাক স্টার’রা গিয়েছিল কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। কিন্তু প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের সঙ্গে হার তাদের ব্রাজিলে দ্বিতীয় পর্বে ওঠাটাকে অনিশ্চিত করে তুলেছে। পর্তুগালের সঙ্গে গ্রুপের শেষ ম্যাচ তাদের শুধু জিতলেই চলছে না, জার্মানি-যুক্তরাষ্ট্র ম্যাচের ফলের ওপরও নির্ভর করছে। সেটা তারা পেরেছে কি না, সেটা এই খবর পড়ার সময় জেনে গেছেন নিশ্চয়ই আপনি। সূত্র: এএফপি, গোলডটকম।