বায়ার্ন-আর্সেনালের প্রতিশোধের সুযোগ
ইউরোপের ফুটবলে প্রতিশোধ প্রতিশোধ গন্ধ। গন্ধটা এনে দিয়েছে পরশু চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র। এই ড্র নকআউট পর্বে মুখোমুখি করে দিয়েছে ইন্টার মিলান-বায়ার্ন মিউনিখ আর বার্সেলোনা-আর্সেনালকে।এতে বায়ার্ন আর আর্সেনাল সুযোগ পেয়ে গেল পরাজয়ের প্রতিশোধ নেওয়ার। বার্নাব্যুতে গত মৌসুমে ইন্টারের কাছে ফাইনালে হেরে শিরোপা-স্বপ্ন বিসর্জন গিয়েছিল বায়ার্নের। আর আর্সেনাল কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিল বার্সেলোনার কাছে হেরে।বায়ার্ন মিউনিখে তো প্রতিশোধ শব্দটি জোরেশোরেই উচ্চারিত হচ্ছে। ইন্টার মিলানকে নকআউটে পেয়ে যাওয়াকে বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর ক্রিস্টিয়ান নার্লিঙ্গার দেখছেন বার্নাব্যুর ফাইনালের কষ্ট কবর দেওয়ার সুযোগ হিসেবে। ‘মাদ্রিদে হেরে যাওয়া ফাইনালের স্মৃতি আমাদের এখনো তাড়িয়ে বেড়ায়। এই দুটি নতুন ম্যাচ দিয়ে আমরা কিছুটা হলেও সেই দুঃস্মৃতি ভুলতে পারি’—বলেছেন তিনি। আর সভাপতি কার্ল হেইঞ্জ রুমেনিগের কথা, ‘ইন্টার অবশ্যই কঠিন প্রতিপক্ষ। তবে আমরা প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়ে গেছি।’আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার প্রতিশোধের ব্যাপারটি এড়িয়ে যাচ্ছেন। তাঁর মনে শুধুই কোয়ার্টার ফাইনালে যাওয়ার ভাবনা, ‘আমি ব্যাপারটিকে প্রতিশোধ হিসেবে দেখছি না। আমরা পরবর্তী পর্বে যেতে চাই।’ কোচ যা-ই বলুন, বার্সাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যেতে পারলে অবশ্য প্রতিশোধ নেওয়া হয়ে যায় আর্সেনালের। সেটা কি পারবে ওয়েঙ্গারের তরুণ ‘গানার’রা? ওয়েঙ্গারের বিশ্বাস পারবে, ‘বার্সাকে হারানো কঠিন কিনা? অবশ্যই কঠিন। এটা সম্ভব কি না? অবশ্যই সম্ভব। গত বছরের চেয়ে আমরা এবার আরও ভালো দল।’আর্সেনাল কঠিন প্রতিপক্ষ পেলেও ইংল্যান্ডের অন্য দুই বড় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড আর চেলসি পেয়েছে তুলনামূলক সহজ প্রতিপক্ষ। ম্যানইউ খেলবে ফরাসি ক্লাব মার্শেইয়ের বিপক্ষে। আর চেলসির প্রতিপক্ষ কোপেনহেগেন।পরিসংখ্যান বলছে এসি মিলানের প্রতিপক্ষও সহজই হয়েছে। সাতবারের চ্যাম্পিয়নরা পেয়েছে এই প্রথম চ্যাম্পিয়নস লিগের নকআউটে খেলা টটেনহামকে। কিন্তু টটেনহামের সাম্প্রতিক পারফরম্যান্স বলছে, মিলানের জন্য কাজটি খুব সহজ হবে না।এদিকে রিয়াল মাদ্রিদ আবার মুখোমুখি হয়েছে তাদের জন্য অপয়া দলে পরিণত হওয়া অলিম্পিক লিওঁর। ২০০৫-০৬ ও ২০০৬-০৭—এই দুটি মৌসুমে গ্রুপ পর্বে দেখা হয়েছে দুই দলের। ৪ ম্যাচের দুটিতে রিয়াল হেরেছে, দুটি হয়েছে ড্র। এরপর গত মৌসুমে দুই দল মুখোমুখি হয়েছিল শেষ ষোলোয়। লিওঁর মাঠে হেরে এসে নিজেদের মাঠে ড্র করে বিদায় নিয়েছে রিয়াল। এএফপি, রয়টার্স, ওয়েবসাইট। এবার তাহলে কী হবে? রিয়ালের স্পোর্টিং ডিরেক্টর বলেছেন, ‘গত মৌসুমের স্মৃতি মনে আছে আমাদের। আর এটাই আমাদের একই ভুল না করতে শিক্ষা দেবে।’