বায়ার্ন কিংবদন্তির জেল
সকাল থেকেই মিউনিখের আদালতপাড়া লোকে লোকারণ্য। উলি হোয়েনেসের বিচার দেখার জন্য অনেকে দর্শকসারিতে বসার জন্য চলে এসেছে আগেভাগে। বায়ার্ন মিউনিখ সভাপতিকে কর ফাঁকি দেওয়ার অভিযোগে কাল দাঁড়াতে হয়েছিল আদালতের কাঠগড়ায়। মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় হোয়েনেসের সাড়ে তিন বছর কারাদণ্ড হয়েছে।
শুধু বায়ার্ন সভাপতি বলেই নয়, হোয়েনেসের প্রভাব জার্মান ফুটবলে নানা কারণে। ছিলেন জার্মানির সত্তর দশকের সোনালি প্রজন্মের খেলোয়াড়। শুধু সভাপতিই নন, ক্লাবের অভিভাবকও তিনি। ৬২ বছর বয়সী জার্মানের বিরুদ্ধে শুরুতে ৩৫ লাখ ইউরো কর ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠে। পরে নিজেই স্বীকার করেন, আরও দেড় কোটি ইউরো কর তিনি দেননি। এই অবৈধ অর্থের সবই জমা ছিল সুইস ব্যাংকের একটি হিসাবে। পরে জানা গেছে আসলে মোট অদেয়া করের পরিমাণ প্রায় ২ কোটি ৭০ লাখ ইউরো।
রায়ের বিরুদ্ধে অবশ্য হোয়েনেস আবেদন করতে পারবেন। সাত সপ্তাহ সময়ও পেয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বায়ার্ন সভাপতির পদ থেকে সরে দাঁড়াননি। সেটি অবশ্য সময়ের ব্যাপার। তবে ফুটবলে যে সম্মান নিয়ে ছিলেন হোয়েনেস, সেটি কলঙ্কিত হলো। এএফপি।