বায়ার্ন-জুভদের রেকর্ড অভিযান
শিরোপাটা আগেই জিতেছিল তারা, নিজেদের অনতিক্রম্য চূড়ায় নিয়ে যেতে পারে কি না, শুধু সেটাই এখন দেখার। জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ অবশ্য বুন্দেসলিগার বেশির ভাগ রেকর্ডই নতুন করে লিখিয়েছে, ইতালি-সম্রাট জুভেন্টাসের সামনেও হাতছানি দিচ্ছে নতুন কীর্তিগাথা। বুন্দেসলিগায় ৩৩ ম্যাচেই বায়ার্নের পয়েন্ট হয়ে গেছে ৮৮, এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড এটাই। এই মৌসুমেই প্রতিপক্ষের মাঠে সবচেয়ে বেশি জয়, টানা সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ডও নতুন করে লিখিয়েছে বায়ার্ন। অগসবুর্গকে পরশু ৩-০ গোলে হারানোর পর জার্মান চ্যাম্পিয়নদের বিদায়ী কোচ ইয়ুপ হেইঙ্কেসও রেকর্ড গড়াটাকেই এখন লক্ষ্য মানছেন, ‘এই মৌসুমটা নতুন রেকর্ড গড়ার। আমি আশা করি, ৮৮ পয়েন্ট আমরা পেয়েছি সেটা অজেয় রেকর্ড হয়ে থাকবে। মৌসুম এখনো শেষ হয়নি। আমরা আরও দুর্দান্ত কিছু অর্জন করতে চাই, যখন এটা আমরা করতে পারব তখন উদ্যাপনটাও হবে সে রকম বড়।’২০০৫-০৬ সালে ৯১ পয়েন্টের রেকর্ড গড়েছিল জুভেন্টাসই। ম্যাচ পাতানোর দায়ে সেবার অবশ্য শিরোপা কেড়ে নেওয়া হয়েছিল তাদের। এই মৌসুমে ৩৬ ম্যাচে এখন জুভদের পয়েন্ট ৮৬, গত পরশু ক্যালিয়ারির সঙ্গে ড্র (১-১) করায় মাইলফলক পেরোনোর অভিযান অবশ্য একটু হোঁচট খেয়েছে। একই সঙ্গে ১৯৩১-৩২ সালে গড়া টানা ১০ ম্যাচ জেতার কীর্তিটাও অধরা থেকে গেল। বাকি ২ ম্যাচ জিতলে অবশ্য সর্বোচ্চ পয়েন্টের রেকর্ডটা ভেঙে ফেলবে জুভেন্টাস। আন্তোনিও কন্তে এখন সেই অপেক্ষাই করছেন! এএফপি, ওয়েবসাইট।