বায়ার্ন দুর্দান্ত এক দল: মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্যরা যে যা-ই বলুক, লিওনেল মেসি ভাসতে চান না আবেগে। আবেগের আশ্রয় নিয়ে প্রতিপক্ষকে ছোট করার ব্যাপারটিও তাঁর ধাতে নেই। চ্যাম্পিয়নস লিগের মহা গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে তাই যথেষ্টই বিনয়ী এই ফুটবল ‘গ্রেট।’ মেসির মতে, বায়ার্ন মিউনিখকে পেছনে ফেলে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠতে নিজেদের সেরা ফুটবলটাই খেলতে হবে বার্সেলোনাকে।মেসি বলেন, ‘এবারের বায়ার্ন মিউনিখ গতবারের চেয়েও শক্তিশালী। সেমিতে সব সময়ই কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হয়; কিন্তু এবারের বায়ার্ন সত্যিই দুর্দান্ত। এই দলকে পেছনে ফেলতে নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে আমাদের।’এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল-বার্সা দ্বৈরথের এক দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে। মেসি নিজেও মনে-প্রাণে চান ওয়েম্বলির ফাইনালে রিয়ালকে প্রতিপক্ষ হিসেবে পেতে। কিন্তু তার আগে বায়ার্ন-বৈতরণীটা ভালোভাবে পেরোতে চান তিনি। মেসি বলেছেন, ‘চ্যাম্পিয়নস লিগের ফাইনালে যদি রিয়াল-বার্সা মুখোমুখি হয়, তাহলে তা হবে বিশেষ এক ঘটনা। তবে তার আগে আমি সব মনোযোগ বায়ার্নের দিকেই নিবদ্ধ করতে চাই। রিয়াল-বার্সার ফাইনাল নিয়ে কথা বলার সময় এখনো আসেনি।’এ কথা বলে থেমে যেতে পারতেন মেসি। কিন্তু সাংবাদিকের পীড়াপীড়িতেই হয়তো রিয়ালের সঙ্গে সম্ভাব্য ফাইনাল নিয়ে কিছু বলতে হলো তাঁকে। তিনি বলেছেন, ‘ফাইনালে রিয়ালকে পেলে তা হবে সত্যিই দারুণ এক ঘটনা, বিশেষ কিছু। কিন্তু এটা ঠিক যে, ফাইনালে উঠতে পারলে আমাদের প্রতিপক্ষ যে-ই হোক, তাতে আমাদের কিছু আসে-যায় না।’ রয়টার্স।