বায়ার্ন-বার্সা ফাইনাল চান ‘কাইজার’
চারবার ইউরোপ-সেরার মুকুট পরেছে বায়ার্ন মিউনিখ, তিনবারই তাঁর সময়ে। সেই তিনটি শিরোপা আবার এসেছিল টানা তিন বছরে—১৯৭৪ থেকে ১৯৭৬! জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার আশাবাদী, এবার ফাইনালে উঠবে বায়ার্ন। ফাইনালটি এবার বায়ার্নেরই মাঠে। আর অ্যালিয়েঞ্জ অ্যারেনার সেই লড়াইয়ে বায়ার্নের উল্টো দিকে সহজ কাউকে নয়, ‘কাইজার’ চান এ সময়ের সেরা দল বার্সেলোনাকেই, ‘শুধু বায়ার্নের সমর্থকেরা নয়, আমরা সবাই এমন একটা ফাইনালেরই স্বপ্ন দেখছি। আমি বিশ্বাস করি, এবার ফাইনালটা এই দুই দলের মধ্যেই হবে। যদিও ফাইনাল এখনো অনেক দূরের পথ।’সেই পথে এগিয়ে যেতে হলে আগে পেরোতে হবে ‘মার্শেই’ স্টেশন। কোয়ার্টার ফাইনালে আজ ফরাসি ক্লাবটির মুখোমুখি হবে বায়ার্ন। ফরাসি লিগে মার্শেইয়ের যে দুর্দশা, তাতে কেউ কেউ বলছেন, সেমিফাইনাল বায়ার্নের নিশ্চিত। বরাতজোরে এমন একটা প্রতিপক্ষ পেয়েছে তারা শেষ আটে। যদিও এ ধরনের কথাবার্তায় বিরক্ত বেকেনবাওয়ার, ‘কোয়ার্টার ফাইনালের ড্রয়ে ভাগ্য বলে কিছু নেই। নিকোসিয়ার দলটিও যদি আমাদের প্রতিপক্ষ হতো, যে দলটিকে অনেকেই দুর্বল বলছে, তার পরও আমরা বলতে পারতাম না, ড্রয়ে ভাগ্য আমাদের পক্ষে ছিল। কাউকে আন্ডারডগ বলাটা তাদের প্রতি অসম্মান দেখানো। রিয়াল আর বার্সা বাদে বাকি ছয়টি দলই সমান মাপের।’ ওয়েবসাইট।