বায়ার্ন, ব্রাজিল আর রোনালদোর বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কনফেডারেশনস কাপ জিতে উচ্ছ্বসিত ব্রাজিল দল। নিচের ছবিতে চ্যাম্পিয়নস লিগজয়ী বায়ার্ন আর এ বছরের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো । ফাইল ছবি
কনফেডারেশনস কাপ জিতে উচ্ছ্বসিত ব্রাজিল দল। নিচের ছবিতে চ্যাম্পিয়নস লিগজয়ী বায়ার্ন আর এ বছরের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো । ফাইল ছবি

বুন্দেসলিগা দিয়ে শুরু, ক্লাব বিশ্বকাপ দিয়ে শেষ। মাঝে জার্মান কাপ, চ্যাম্পিয়নস লিগ আর ইউরোপিয়ান সুপার কাপও গেছে মিউনিখে। ফুটবলের বিদায়ী বছরটা বায়ার্ন মিউনিখের না হয়ে কি অন্য কোনো দলের হতে পারে?
জার্মান পরাশক্তিদের এই দোর্দণ্ড প্রতাপের বছরে কনফেডারেশনস কাপ জিতে সমর্থকদের উচ্ছ্বাসে ভাসিয়েছে ব্রাজিল, ওল্ড ট্রাফোর্ডকে কাঁদিয়ে বিদায় বলেছেন স্যার অ্যালেক্স ফার্গুসন, পেশাদার ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলেছেন ডেভিড বেকহাম আর ক্রিস্টিয়ানো রোনালদোকে টপকে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হয়েছেন গ্যারেথ বেল। বসে থাকেননি রোনালদো নিজেও। শেষ কয়েক মাসে বল পায়ে এমনই অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন যে একঝটকায় অনেক পেছনে ফেলে দিয়েছেন মেসি, ইব্রাহিমোভিচ, রিবেরি, সুয়ারেজদের। দলগত বিচারে বছরটা যদি বায়ার্নের হয়, ব্যক্তিগত নৈপুণ্যে শুধুই রোনালদোর।
বায়ার্নের অসাধারণ সাফল্যের কারিগর আসলে দুজন। সাবেক কোচ ইয়ুপ হেইঙ্কেস যেখানে শেষ করেছিলেন, পেপ গার্দিওলা যেন শুরু করেছেন সেখান থেকেই। ফলাফল এ বছরই বুন্দেসলিগা ও চ্যাম্পিয়নস লিগে টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ড বায়ার্নের।
আন্তর্জাতিক ফুটবলে বছরটা শুরু হয়েছিল আফ্রিকান নেশনস কাপ দিয়ে। কিন্তু বছরের সবচেয়ে বড় টুর্নামেন্ট আসলে মাঝামাঝি (১৫ জুন থেকে ৩০ জুন) হয়ে যাওয়া কনফেডারেশনস কাপ। বিশ্বকাপের মহড়া বলে পরিচিত সেই টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্পেনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা জিতেছে স্বাগতিক ব্রাজিল। হলুদ জার্সি গায়ে সমর্থকদের প্রত্যাশা পূরণ করেছেন নেইমার। এ বছরের সাফল্যগাথার কিছু অংশ তাই রাখতে হচ্ছে লুইস ফেলিপে স্কলারির দলের জন্যও।
এই উচ্ছ্বাসের ভিড়ে ফুটবলপ্রেমীদের জন্য বিষাদের সুর হয়ে এসেছে দুটি বিদায়। প্রায় ২৭ বছর ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব পালনের পর ৮ মে অবসর নিয়েছেন ফার্গুসন। ওল্ড ট্রাফোর্ডে ১৩টি লিগ শিরোপা, পাঁচটি কাপ, দুটি চ্যাম্পিয়নস লিগসহ অসংখ্য ট্রফি এনে দেওয়া ‘স্কটিশ বুড়ো’র বিদায়ে আপ্লুত রেড ডেভিলরা। আফসোস তাদের ফার্গির চেয়ারে বসে ডেভিড ময়েস সেই প্রত্যাশা পূরণ করতে পারছেন না। এ বছরই বিদায় নিয়েছেন ফার্গুসনের একসময়ের প্রিয় ছাত্র ও সাবেক ইংলিশ মিডফিল্ডার ডেভিড বেকহাম। ২০১২-১৩ মৌসুমটা তিনি খেলেছেন ফরাসি লিগ ওয়ানে পিএসজির হয়ে। শিরোপা জিতেই পেশাদার ক্যারিয়ার শেষ করেছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক।
দলবদলের বাজারে এ বছরে সবচেয়ে আলোচিত গ্যারেথ বেলের টটেনহাম থেকে রিয়াল মাদ্রিদে যোগদান। অনেক নাটকের পর শেষ পর্যন্ত ক্রিস্টিয়ানো রোনালদোর ট্রান্সফার ফির রেকর্ড ভেঙে প্রায় ১০০ মিলিয়ন ইউরো চুক্তিতে লন্ডন থেকে মাদ্রিদে পাড়ি জমান ওয়েলশ উইঙ্গার। বেলের পাশাপাশি নেইমারকেও চেয়েছিল রিয়াল। তবে ব্রাজিল স্ট্রাইকার বেছে নিয়েছেন রিয়ালের প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে।
আফ্রিকান নেশনস কাপ ও কনফেডারেশনস কাপ ছাড়া আন্তর্জাতিক ফুটবলে বড় কোনো টুর্নামেন্ট না থাকলেও বছরজুড়েই বিশ্বকাপের বাছাইপর্বে খেলে গেছে দলগুলো। শেষ পর্যন্ত চূড়ান্ত হয়েছে বিশ্বকাপের স্বাগতিক ব্রাজিল বাদে ৩১ দল। ৬ ডিসেম্বর ড্রয়ের পর নিশ্চিত হয়ে গেছে গ্রুপিংও। তিন সাবেক চ্যাম্পিয়ন ইতালি, ইংল্যান্ড, উরুগুয়ে ও কোস্টারিকাকে নিয়ে গড়া ‘ডি’ গ্রুপকে আগে থেকেই ‘মৃত্যুকূপ’ বলে দিয়েছেন অনেকে।
তবে সবচেয়ে নাটকীয়ভাবে বিশ্বকাপে জায়গা পেয়েছে পর্তুগাল। ইউরোপের বাছাইপর্বে নিজেদের গ্রুপে রানার্সআপ হওয়ায় পর্তুগালকে প্লে-অফ খেলতে হয়েছে সুইডেনের সঙ্গে। সেখানে ইব্রার সুইডেনকে একাই হারিয়ে দলকে বিশ্বকাপে নিয়ে গেছেন পর্তুগিজ অধিনায়ক। দেশের হয়ে এমন পারফরম্যান্সের পাশাপাশি ক্লাবের হয়েও অবিশ্বাস্য ফর্মে থাকা রোনালদো এই বছর সব মিলিয়ে করেছেন ৬০ ম্যাচে ৬৯ গোল!
রোনালদো ছাড়া অন্য কারও ব্যালন ডি’অর জয়ের সংবাদ দিয়ে যদি সামনের বছর শুরু হয় সেটাই বরং আশ্চর্যের হবে। তথ্যসূত্র: এএফপি।
আলোচিত
 বুন্দেসলিগা, জার্মান কাপ, চ্যাম্পিয়নস লিগ, ইউরোপিয়ান সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ মিলিয়ে বায়ার্নের পাঁচ শিরোপা জয়
 বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে উড়িয়ে দিয়ে ব্রাজিলের কনফেডারেশনস কাপ জয়
 প্রায় ২৭ বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডে অ্যালেক্স ফার্গুসনের সমাপ্তি
 পেশাদার ক্যারিয়ারের শেষ টেনেছেন সাবেক ইংল্যান্ড মিডফিল্ডার ডেভিড বেকহাম
 ১০০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে টটেনহাম থেকে রিয়ালে গেছেন গ্যারেথ বেল
 দেশ ও ক্লাবের হয়ে ম্যাচে ৬০ ম্যাচে ৬৯ গোল ক্রিস্টিয়ানো রোনালদোর