বায়ার্ন-রিয়াল নিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘লা বেস্তিয়া নেগ্রা’। স্প্যানিশ শব্দগুচ্ছের ইংরেজি করলে হয় ‘ব্ল্যাক বিস্টস’, বাংলায় ‘কালো পশু’। ২০১২ চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের পর বায়ার্নকে এই উপাধি দিয়েছিল রিয়াল মাদ্রিদ সমর্থকেরা। বলাই বাহুল্য, ভালোবেসে এটা দেয়নি মাদ্রিদিস্তারা। বায়ার্ন সেবার রিয়ালকে হারিয়ে ফাইনালে উঠেছিল বলেই ওই তকমা।
কার্ল হেইঞ্জ রুমেনিগেকে এবার কথাটা মনে করিয়ে দিতে হচ্ছে বায়ার্ন খেলোয়াড়দের। এই সপ্তাহেই রিয়াল মাদ্রিদের সঙ্গে আবার সেই চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে মুখোমুখি বায়ার্ন। রুমেনিগে তাই বললেন, ‘আমাদের ওরা ‘কালো পশু’ বলেছে, মাদ্রিদে সেটার প্রমাণ আমাদের দিতে হবে।’”
বায়ার্ন চেয়ারম্যানের কথাগুলো নিতান্তই খেলোয়াড়দের তাতিয়ে তোলার জন্য। সেটাই স্বাভাবিক। হঠাৎ দুরন্ত বেগে ছুটতে থাকা বায়ার্ন কেমন যেন দিকভ্রান্ত হয়ে পড়েছে। শিরোপাটা সাত ম্যাচ আগেই জেতা হয়ে গেলে একটু আত্মতৃপ্তি আসতেই পারে। কিন্তু তাই বলে টানা তিন ম্যাচে জয়হীন? পরশু এইনট্রাখট ব্রাউনশোয়াইগের বিপক্ষে জয়ের আগে একটু হলেও ভাঁজ জমেছিল পেপ গার্দিওলার কপালে।
৭৫ মিনিট পর্যন্তও গোলশূন্য। শেষ পর্যন্ত ক্লদিও পিজারো করেছেন প্রথম গোল। পরে মানজুকিচ করেছেন আরেকটি। তলানির দিকের দলের বিপক্ষে জয়টাও বায়ার্ন-সুলভ হয়নি। গার্দিওলা তাই ছাত্রদের বার্তা দিলেন, ‘রিয়াল মাদ্রিদের সঙ্গে ভালো না করলে আমরা ফাইনালে যেতে পারব না।’ ফিলিপ লামেরও একই সুর, ‘আমি নিশ্চিত বুধবার সবাই দারুণ করবে। নইলে রিয়ালের সঙ্গে আমাদের কোনো সুযোগ থাকবে না।’
বুন্দেসলিগায় বায়ার্ন-রথ একটু থামলেও সিরি ‘আ’তে জুভেন্টাস কিন্তু অপ্রতিরোধ্য। পরশু বোলোনিয়াকে পল পোগবার গোলে হারিয়ে (১-০) শিরোপার আরও কাছে পৌঁছে গেছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। শিরোপার সঙ্গে তাদের দৃষ্টিসীমায় প্রথমবারের মতো ১০০ পয়েন্ট পেরোনোর সম্ভাবনা। ৩৪ ম্যাচে জুভদের পয়েন্ট ৯০, বাকি আরও চার ম্যাচ। এএফপি।