বায়ার্ন শিবিরেই মেসি-বন্দনা
অপেক্ষার প্রহর ফুরিয়ে আসছে একটু একটু করে। বার্সা-বায়ার্ন চ্যাম্পিয়নস লিগ দ্বৈরথ উত্তেজনার পারদ চড়াচ্ছে চড় চড় করে। কেউ বলছে বায়ার্নের কাছে পাত্তা পাবে না বার্সা। আবার বায়ার্ন যেমন খেলছে, তাতে তাদের থামাতে পারে একমাত্র বার্সাই—এমন মতেরও অভাব নেই। নিরপেক্ষ বিচারে অবশ্য একটু হলেও এগিয়ে রয়েছে বায়ার্ন মিউনিখ। কিন্তু সবাই তাকিয়ে আছে লিওনেল মেসির দিকে। বার্সার এই আর্জেন্টাইন তারকার কয়েকটি জাদুকরি মুহূর্তই পুড়িয়ে দিতে পারে বায়ার্নের কপাল! চোটের কারণে সেমিফাইনাল খেলা অনিশ্চিত ছিল। সেই অনিশ্চয়তা কাটিয়ে গতকালই অনুশীলনে ফিরেছেন মেসি।টানা চারবার ফিফা-ব্যালন ডি’অর জিতে নিজেকে নিয়ে গেছেন অনতিক্রম্য উচ্চতায়। মেসির প্রশংসায় এখন জুতসই শব্দই খুঁজে পান না অনেকে। এবার মেসির প্রশংসায় যোগ দিলেন ইয়ুপ হেইঙ্কেসও। বায়ার্ন কোচ মনে করেন জিদান, ম্যারাডোনা, পেলে, ক্রুইফদের মতো কিংবদন্তিদের কাতারে থাকারই যোগ্য মেসি। মেসি তাঁর চোখে ‘দুর্দান্ত’ ও ‘ভিনগ্রহের খেলোয়াড়’। শুধু হেইঙ্কেসই নন, আগামী মঙ্গলবারের চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের আগে মেসি-বন্দনায় মুখর বায়ার্নের ক্রীড়া পরিচালক ম্যাথিয়াস সামার। তাঁর ভাষায় মেসি একজন ‘জিনিয়াস’।কে জিতবে, কে হারবে সেই ভবিষ্যদ্বাণী না করে অনেকেই থাকছেন নিরাপদ দূরত্বে। এঁদের অপেক্ষা জিবে জল আনা এক ম্যাচের। কিন্তু রাফায়েল ফন ডার ভার্ট বলেছেন দুই ‘দৈত্যের’ দ্বৈরথে বার্সা শুধু এগিয়েই নয়, বার্সার সামনে দাঁড়াতেই পারবে না বায়ার্ন। মেসিই ব্যবধান গড়ে দেবেন বলে মনে করেন হামবুর্গের ডাচ অধিনায়ক, ‘একজনই বায়ার্ন ও বার্সার মধ্যে ব্যবধান গড়ে দেয়, সে হচ্ছে মেসি। যখন সেমিফাইনালে বার্সার মুখোমুখি হবে বায়ার্ন, তারা মাত্র ৩০ শতাংশ বলের দখল পাবে। বার্সার কৌশলটাই অবিশ্বাস্য। বল তাদেরই দখলে থাকে। আমি বায়ার্নের কোনো সম্ভাবনা দেখছি না।’ ওয়েবসাইট।