বায়ার্ন সভাপতির জেল

বিশ্ব ক্লাব ফুটবল চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়সন লিগ চ্যাম্পিয়ন—সাফল্যের ভেলায় ভাসছে বায়ার্ন মিউনিখ। দলের এ সুসময়ে এক দুঃসংবাদই পেল বায়ার্ন সমর্থকেরা। বায়ার্ন সভাপতি উলি হোয়েনেসের বিরুদ্ধে ওঠা কর ফাঁকির অভিযোগের রায় দিয়েছেন জার্মানির একটি আদালত। সাড়ে তিন বছরের জেল দেওয়া হয়েছে তাঁকে।
হোয়েনেসের কর ফাঁকির ‘সাতটি মারাত্মক অপরাধে’র ব্যাপারে সুনিশ্চিত প্রমাণ পেয়েছেন সেই আদালত। রায়ে আপিল করার এক সপ্তাহ সময় পাবেন অভিযুক্ত ৬২ বছর বয়সী বায়ার্ন সভাপতি। জানা যায়, হোয়েনেস প্রাথমিকভাবে প্রায় ৩৫ লাখ ইউরো এড়িয়েছেন। পরে প্রমাণিত হয়, আরও দেড় কোটি ইউরো কর ফাঁকি দিয়েছেন তিনি। চূড়ান্তভাবে আদালত প্রায় ২ কোটি ৭২ লাখ ইউরোর কর ফাঁকির সন্ধান পেয়েছেন।
খেলোয়াড়ি জীবন কিংবা সংগঠক—উভয় পরিচয়েই সফল হোয়েনেস। গত বছর বায়ার্নকে ক্লাব ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন করতে ’৭৪-এর বিশ্বকাপজয়ী জার্মানি দলের সদস্য হোয়েনেসের অবদান অনস্বীকার্য। গত বছর বায়ার্নের বার্ষিক সভায় পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছিলেন তিনি। কিন্তু সমর্থক ও ক্লাব বোর্ডের চাপে সে সিদ্ধান্ত বাতিল করেন। এতেই বোঝা যায়, ক্লাবে তাঁর জনপ্রিয়তা কতখানি। এ দিকে সভাপতির বিরুদ্ধে এ রায়ের প্রতিবাদে সমর্থকরা বেরিয়ে এসেছে রাস্তায়। কর ফাঁকির অভিযোগে আদালতের রায়ে বিস্ময়বিমূঢ় ভক্ত-সমর্থকেরা। রয়টার্স, এএফপি ও বিবিসি।