বায়ার্নকে এগিয়ে রাখলেন রোবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোলটা হলো ৭০ মিনিটে। এর আগের ৬৯ মিনিটে যা হলো:বায়ার্ন মিউনিখের একের পর এক সুযোগ হাতছাড়া।দুটো হলদু কার্ড।এবং দুটো লাল কার্ড!এই প্রায় সোয়া এক ঘণ্টার স্মৃতি ভুলে গেলে বায়ার্নের কোনো ক্ষতি হবে না। ৭০ মিনিটে আরিয়েন রোবেনের গোলে ১-০ গোলে যে জিতল তারাই। তবে নিজেদের মাঠে এই ন্যূনতম ব্যবধানের জয় ফিরতি লেগে তটস্থই রাখবে লুই ফন গালের দলকে। সুযোগগুলো হাতছাড়া না করলে প্রথম লেগে সুবিধাজনক অবস্থায় থেকে খানিকটা নির্ভার হয়েই দ্বিতীয় লেগটা খেলতে পারত বায়ার্ন। মঙ্গলবার রাতে খেলাটা যে লিওঁর মাঠে।তবে ৩৭ মিনিটেই দলের প্রাণভোমরা ফ্রাঙ্ক রিবেরিকে লাল কার্ডের খাঁড়ায় হারানোর পর, লিওঁর গোলমুখ খোলার একের পর এক চেষ্টা ভণ্ডুল হয়ে যাওয়ার পর এই ১-০ গোলের জয়টাতেই তৃপ্ত ফন গল। ডাচ এই কোচ বলেছেন, ‘আমি খুবই আনন্দিত। ১-০ জয়ও অনেক ভালো ফল। দ্বিতীয় লেগে আমাদের কোনো ঝুঁকি থাকল না। আমরা খুবই ভালো খেলেছি।’আলিয়েঞ্জ অ্যারেনার ৬৮ হাজার দর্শককে স্তব্ধ করে দিয়ে রেফারি রবার্তো রজেত্তি সরাসরি লাল কার্ড দেখান রিবেরিকে। লিওঁ স্ট্রাইকার লিসান্দ্রো লোপেজকে মাঠের বাইরে নিয়ে শুশ্রূষাও দিতে হয়। রিপ্লেতে দেখা গেছে, রেফারির সিদ্ধান্ত সঠিকই ছিল। তার পরও ফন গাল বলেছেন, ‘এটা খুবই বিতর্কিত লাল কার্ড। অবশ্য এমনটা ঘটার সম্ভাবনা সব সময়ই থাকে। আর একটু বেশি সময় ধরেই (লোপেজের) পায়ের পাতা মাড়িয়ে দেওয়ায় রিবেরিই রেফারিকে সুযোগ করে দিয়েছে।’দলের মূল খেলোয়াড়টিকে ছাড়াই ৫৫ মিনিটের মতো খেলার পরও জেতাটাকেই বড় করে দেখছেন কোচ, ‘রিবেরিকে হারানোর পর আমি ভাবতেই পারিনি আমরা ১-০ গোলে জিতব। আমরা আধিপত্যই বিস্তার করেছি। ওদের ১১ জনের বিরুদ্ধে আমাদের ১০ জনই বেশি সুযোগ তৈরি করেছিল।’অবশ্য ৫৪ মিনিটে লিওঁ মিডফিল্ডারও লাল কার্ড দেখে মাঠ ছাড়লে লিওঁও ১০ জনের দল হয়ে পড়ে। রেফারির সিদ্ধান্ত বরং প্রশ্নবিদ্ধ। যদিও কোনো কিছু নিয়েই কোনো অভিযোগ করলেন না লিওঁ কোচ ক্লদে পুয়েল, ‘আমি কোনো অজুহাত খুঁজছি না। আমাদের তো এখনো অনেক সুযোগ আছে। আমরা যদিও মহাগুরুত্বপূর্ণ অ্যাওয়ে গোলটি করতে পারিনি। একটা অ্যাওয়ে গোল নিয়ে হারলেও ভালো হতো।’এই জয়ের ফলে বায়ার্নের শিরোপার ত্রিমুকুট জেতার সম্ভাবনা থাকলই। বুন্দেসলিগা, কাপ আর চ্যাম্পিয়নস লিগ—তিনটি প্রতিযোগিতাতেই শিরোপার দিকে ছুটছে বায়ার্ন। ফলে খেলোয়াড়দের বিশ্রামের কথাও ভাবতে হচ্ছে ফন গলকে। ইভিচা ওলিচকে পরশু যেমন দ্বিতীয়ার্ধের শুরুতেই তুলে নিয়েছেন। গোলের পর পরই তুলে নিয়েছেন রোবেনকেও। রিয়াল মাদ্রিদে অপাঙেক্তয় হয়ে পড়ে বায়ার্নে আসা এই ডাচ তাঁর দুর্দান্ত ফর্ম ধরে রেখে মৌসুমে পরশু করেছেন ২০তম গোল।জয়ের আনন্দেও গলার কাঁটা হয়ে থাকল রিবেরির লাল কার্ড। এক ম্যাচ নিষিদ্ধ হওয়ায় ফিরতি লেগেও খেলতে পারবেন না এই ফরাসি উইঙ্গার। একদিক দিয়ে অবশ্য ভালোও হলো। মিডিয়ার তুমুল আগ্রহের কেন্দ্রে থাকা রিবেরি আপাতত আড়ালে থাকলেই ভালো। এএফপি, রয়টার্স।