বায়ার্নকে গুঁড়িয়ে ডর্টমুন্ডের ডাবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তবে কি জার্মানির ঘরোয়া ফুটবলে বায়ার্ন মিউনিখের রাজত্ব শেষ করে দিল বরুসিয়া ডর্টমুন্ড? পরশু আরেকবার বায়ার্নকে বিধ্বস্ত করে ঐতিহাসিক ‘ডাবল’ জিতে অনুচ্চারে এই প্রশ্নই যেন তুলে দিল ইয়ুর্গেন ক্লোপের দল।বায়ার্নের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে থেকে টানা দ্বিতীয় লিগ শিরোপা ঘরে তুলেছে ডর্টমুন্ড। পরশু পোলিশ স্ট্রাইকার লেয়ান্ডোভস্কির হ্যাটট্রিকে সেই বায়ার্নকেই ৫-২ গোলে উড়িয়ে দিয়ে ডর্টমুন্ড জিতল জার্মান কাপ। ভাসল ‘ডাবল’ জয়ের আনন্দে। ক্লাবের ১০৩ বছরের ইতিহাসে এই প্রথম ‘ডাবল’ (লিগ এবং কাপ) জিতল ডর্টমুন্ড। বায়ার্নের বিপক্ষে এটা ডর্টমুন্ডের টানা পঞ্চম জয়। কদিন আগেও প্রথমবারের মতো ‘ট্রেবল’ জয়ের স্বপ্নে বিভোর ছিল বায়ার্ন। লিগ-কাপের ব্যর্থতায় সেই বায়ার্ন এখন শূন্যহাতেই মৌসুম শেষ করার শঙ্কায় পড়ে গেল! চ্যাম্পিয়নস লিগের ফাইনালে চেলসির কাছে হারলেই বাভারিয়ানদের মৌসুম শেষ হবে খালি হাতে। বায়ার্নেরই মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় চ্যাম্পিয়নস লিগের ফাইনালটি আগামী শনিবার। তার আগে এই শনিবার কাপের ফাইনালটি ছিল বায়ার্নের জন্য চ্যাম্পিয়নস লিগ ফাইনালের একটা মহড়া-মঞ্চ। কিন্তু বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার মঞ্চে উল্টো বড় এক ধাক্কাই খেল বায়ার্ন।বায়ার্ন কোচ ইয়ুপ হেইঙ্কসও মনে করছেন চেলসি ম্যাচের আগে এটা বড় এক বিপর্যয়, ‘আমরা অভিযোগ করছি না। আমাদের পুরো রক্ষণভাগ ছিল বিপর্যস্ত। দায়টা আমাদেরই নিতে হবে, জয়টা আমাদের পাওনা ছিল না।’ বায়ার্ন কোচ পরক্ষণেই দৃষ্টি ফিরিয়েছেন চ্যাম্পিয়নস লিগ ফাইনালের দিকে, ‘আমাদের মনে এখনো বড় এক লক্ষ্য আছে এবং আমি মনে করি চ্যাম্পিয়নস লিগের ফাইনাল দিয়ে আমরা সব ধাক্কা কাটিয়ে উঠতে পারব। ওই ম্যাচটা হবে সম্পূর্ণই অন্য রকম।’ এএফপি, রয়টার্স।