বায়ার্নকে টপকে এবারও চ্যাম্পিয়ন ডর্টমুন্ড
একবার নয়, টানা দুবার বায়ার্ন মিউনিখের মতো পরাশক্তিকে পেছনে ফেলে বুন্দেসলিগা জিতল বরুসিয়া ডর্টমুন্ড। পরশু বরুসিয়া মনশেনগ্লাডবাখকে ২-১ গোলে হারিয়ে ২০১১-১২ মৌসুমের লিগ চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করেছে ক্লাবটি। এবার হোম ও অ্যাওয়ে দুই ম্যাচেই বায়ার্নকে হারানো ডর্টমুন্ডের হাতে ট্রফি তুলে দেওয়া হবে আগামী ৫ মে লিগের শেষ ম্যাচে। শেষ ২৬ ম্যাচ অপরাজিত থেকে নতুন বুন্দেসলিগা রেকর্ড করা ইয়ুর্গেন ক্লপের দল ৩২ ম্যাচে পেয়েছে ৭৫ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা বায়ার্নের পয়েন্ট ৬৭। বায়ার্নকে শেষ চার ম্যাচেই হারানো চ্যাম্পিয়নদের সামনে এখন এক মৌসুমে সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে লিগ শেষ করার হাতছানি। ১৯৭০-এর দশকের শুরুর দিকে দুবার ৭৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বায়ার্ন। শেষ দুই ম্যাচে ডর্টমুন্ড জিতলেই পেছনে পড়ে যাবে ওই রেকর্ড। ১৬ বছর পর টানা দুই মৌসুম লিগ শিরোপা থেকে বঞ্চিত হওয়া বায়ার্ন অবশ্য প্রতিশোধের শেষ সুযোগটা পাচ্ছে। আগামী মাসের ১২ তারিখে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে জার্মান কাপের ফাইনালে ডর্টমুন্ডকেই সামনে পাচ্ছে ব্যাভারিয়ান ক্লাবটি। এএফপি।