বায়ার্নকে ধুয়ে দিলেন ক্লপ
তিন দিন পরই চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। তার আগে মনস্তাত্ত্বিক লড়াইয়ের অংশ হিসেবে এক দল আরেক দলকে খোঁচা মারবে—এটাই স্বাভাবিক। তবে ওয়েম্বলির অল-জার্মান ফাইনাল সামনে রেখে ইয়ুর্গেন ক্লপ যা বললেন, তা মনস্তাত্ত্বিক লড়াইয়ের চেয়েও বেশি কিছু। প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখকে রীতিমতো ধুয়ে দিয়েছেন বরুসিয়া ডর্টমুন্ডের কোচ। বায়ার্নের দলবদল নীতিই আসলে খেপিয়ে তুলেছে ক্লপকে।ক্লাব ফুটবলে এখন যে বায়ার্নের আধিপত্য, তার মূলে দলবদলের বাজারে কাঁড়ি কাঁড়ি টাকা ঢেলে গাদা গাদা খেলোয়াড় কেনা। গত কয়েক মৌসুমে দেদার টাকা ঢেলে যাঁকেই মনে ধরেছে, তাঁকেই কিনে নিয়ে দলে খেলোয়াড়ের হাট বসিয়েছে বায়ার্ন। প্রতিটা পজিশনেই তাদের এখন খেলোয়াড় আছেন চার-পাঁচজন করে! বিশ্বের বাকি সব ক্লাবকে টেক্কা দেওয়ার আশায় বায়ার্ন খেলোয়াড় কিনছে এখনো। তাতেও ক্লপ এবং ডর্টমুন্ডের সমস্যা ছিল না। কিন্তু বায়ার্ন এবার হাত দিয়েছে ক্লপের ডর্টমুন্ডের ঘর খালি করার দিকে!ইতিমধ্যেই তিন কোটি ৭০ লাখ ইউরো দিয়ে মিডফিল্ডার মারিও গোটশের সঙ্গে চুক্তি করে ফেলেছে বায়ার্ন। জাল বিছিয়ে রেখেছে ডর্টমুন্ডের আরও দুই খেলোয়াড় ম্যাটস হামেলস ও রবার্ট লেভানডফস্কির জন্যও। শোনা যাচ্ছে, মৌসুম শেষে এই দুজনকেই নিয়ে নেবে বায়ার্ন। ক্রুদ্ধ ক্লপ বলছেন, ‘বার্সেলোনার মতো দশকব্যাপী সাফল্য চায় বায়ার্ন। ঠিক আছে, আপনার টাকা আছে। কারণ, টাকা সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি করে। কিন্তু নিশ্চিত করতে পারে না।’ডর্টমুন্ডের দিকে হাত বাড়ানোয় ক্লপ ব্যঙ্গ করে বলেছেন, ‘আমরা সুপারমার্কেট নই। কিন্তু তারা আমাদের খেলোয়াড় চায়। কারণ, তারা জানে, আমরা খেলোয়াড়দের অত টাকা দিতে পারব না। বায়ার্নের চাওয়াটা এমন—ঠিক জেমস বন্ডের মতো—তবে ঠিক তার উল্টো চরিত্রটা (ভিলেন)। রিয়াল বা বায়ার্নের মতো করে কাজ করা আমাদের পথ নয়। আয়কর নিয়েও আমাদের ভাবনা নেই। আমাদের ভাবনা কেবল পরবর্তী প্রজন্মকে গড়ে তোলা। আমাদের আন্তরিকতা ও বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে হবে। আমাদের যে সামর্থ্য, সেই পরিমাণ টাকাই আমরা খেলোয়াড়দের দিতে পারব। কাজেই আমরা খেলোয়াড় হারাব।’ডর্টমুন্ডের ৪৫ বছর বয়সী কোচ ২০০৮ সালে এই বায়ার্নের কোচও হয়ে যাচ্ছিলেন প্রায়। কিন্তু শেষ পর্যন্ত তিনি নন, বায়ার্নের কোচ হন ইয়ুর্গেন ক্লিন্সমান। ক্লপই বলছেন, ‘উলি হোনেস (বায়ার্ন সভাপতি) জানতে চান, আমি তাঁর দলে কাজ করব কি না। আমি বলেছিলাম, “হ্যাঁ”। কিন্তু প্রথমে আমি আমার মায়ের সঙ্গে কথা বলব। তবে আমার কোনো সমস্যা নেই। তিনি আমাকে বলেছিলেন, তাঁরা দুজন কোচের ব্যাপারে আগ্রহী, আমি তার একজন। পরে হোনেস ইয়ুর্গেন ক্লিন্সমানকে নেওয়ার সিদ্ধান্ত নেন। এটা যে খুব হতাশার ছিল, তা নয়—দ্বিতীয় বিভাগের একজন কোচ বায়ার্নের কোচ হবে, দুনিয়ায় এর চেয়ে খারাপ কিছু হতে পারে না।’পরে ওই বছরই ডর্টমুন্ডের দায়িত্ব নেওয়া ক্লপ বায়ার্নের রাজত্বে হানা দিয়ে দুই মৌসুমে (২০১০-১১ ও ২০১১-১২) দলকে জিতিয়েছেন লিগ শিরোপা। ওয়েবসাইট।