
ইশ্, নাপোলি ম্যাচে যদি আরেকটা গোল কম হতো। ইশ্, ডর্টমুন্ড শেষ সময়ের গোলে যদি না জিতত! এমন আক্ষেপ এখন আর্সেনালের হতেই পারে। এমন আক্ষেপ করতে পারেন ম্যানচেস্টার সিটি কোচ ম্যানুয়েল পেলেগ্রিনিও। কেন যে গোলের হিসাব গোলমাল করে সার্জিও আগুয়েরোকে নামাননি! বায়ার্নের সঙ্গে সেদিন আরেকটা গোল হলেই তো এমন হতো না!
কাল নিয়নে হয়ে যাওয়া নকআউট পর্বের ড্রয়ের পর ইংলিশ লিগের দুই দল এখন নিশ্চিতই আফসোস করছে। নিজেদের গ্রুপে একটুর জন্য রানার্সআপ হওয়ার যে মাশুল দিতে হয়েছে তাদের। শেষ ষোলোতে আর্সেনাল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে গতবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে, আর ম্যানচেস্টার সিটি ২০০৯ ও ২০১১ চ্যাম্পিয়ন বার্সেলোনাকে। এটি আর্সেনাল-সিটির দুর্ভাগ্য, নাকি সৌভাগ্য তা তর্কযোগ্য। তবে নকআউট পর্বেই ইউরোপের অন্যতম সেরা দুটি দল যে বাদ হয়ে যাবে, সেটি তর্কাতীত।
সেই তুলনায় ইংলিশ লিগের অন্য দুই দলের ভাগ্য সুপ্রসন্নই ছিল। ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ কখনোই শেষ চারে খেলতে না-পারা গ্রিক ক্লাব অলিম্পিয়াকস। আর চেলসির পরীক্ষা নেবে তুর্কি ক্লাব গ্যালাতাসারাই। তুলনায় একেবারেই সহজ প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের, নয়বারের শিরোপাজয়ীরা খেলবে জার্মানির শালকের সঙ্গে। রাশিয়ার জেনিত সেন্ট পিটার্সবার্গকে পেয়েছে গতবারের ফাইনালিস্ট বরুসিয়া ডর্টমুন্ড, জার্মানির বেয়ার লেভারকুসেনের প্রতিপক্ষ ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন পিএসজি। সাতবারে চ্যাম্পিয়ন এসি মিলানের প্রতিপক্ষ স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদ।
‘কী ড্রটাই না হলো। আমরা আবার বায়ার্নকে পেলাম’—কাল টুইট করেছেন লুকাস পোডলস্কি। দুই দলের শেষ দেখার স্মৃতিটা তো এখনো চোখেই লেগে আছে আর্সেনালের জার্মান ফরোয়ার্ডের। এই বছরেই চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হয়েছিল দুই দল। সেটা শেষ ষোলোতেই। আর্সেনালের অবশ্য একটা প্রেরণা আছে। দুই লেগ মিলিয়ে হারলেও বায়ার্নের মাঠ থেকে আর্সেনাল জিতে এসেছিল ২-০ গোলে। বায়ার্ন অধিনায়ক ফিলিপ লাম তো এমনি এমনিই বলেননি, ‘দ্বিতীয় হওয়া দলগুলোর মধ্যে এটাই সবচেয়ে কঠিন ড্র। আর্সেনালকে আপনি সব সময় এড়িয়েই যেতে চাইবেন।’
বার্সেলোনা-সিটিও নিশ্চয়ই একে অন্যকে চায়নি। ইউরোপিয়ান মঞ্চে অবশ্য দুই দলের দেখা হয়নি আগে। বার্সা কোচ জেরার্ডো মার্টিনো বললেন, ‘বছর কয়েক আগেও যদি বলতেন আমাদের ম্যানচেস্টারে গিয়ে খেলতে হবে, আমরা ইউনাইটেডের কথাই ভাবতাম। কিন্তু এখন সিটি আসলেই কঠিন প্রতিপক্ষ। তবে আমার মনে হয় ওরাও আমাদের এড়িয়ে যেতে চেয়েছিল।’ বার্সাকে যেন আগেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পেলেগ্রিনি, ‘আমি মনে করি, আমাদের সঙ্গে ড্র হওয়ার পর বার্সা একটু চিন্তায় আছে। তারা এখন আর দুই বছর আগের দল নেই।’ এএফপি।
কে কার মুখোমুখি
ম্যানচেস্টার সিটি - বার্সেলোনা
অলিম্পিয়াকস - ম্যানচেস্টার ইউনাইটেড
এসি মিলান - অ্যাটলেটিকো মাদ্রিদ
বেয়ার লেভারকুসেন - প্যারিস সেন্ট-জার্মেই
গ্যালাতাসারাই - চেলসি
শালকে জিরো ফোর - রিয়াল মাদ্রিদ
জেনিত সেন্ট পিটার্সবার্গ - বরুসিয়া ডর্টমুন্ড
আর্সেনাল - বায়ার্ন মিউনিখ
প্রথম লেগ ফেব্রুয়ারি ১৮-১৯, ২৪-২৫
দ্বিতীয় লেগ মার্চ ১১-১২, ১৮-১৯