বায়ার্নকে ফাইনালে নিলেন ওলিচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইভিচা ওলিচের ম্যাচ—পরশু লিওঁর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের দ্বিতীয় লিগের ম্যাচটিকে অনায়াসে এই অ্যাখ্যাই দিয়ে দিতে পারেন। ফ্রাঙ্ক রিবেরি না হয় ছিলেন না, আরিয়েন রোবেন ছিলেন। বাস্তিন শোয়েনস্টেইগার, মার্ক ফন বোমেলও ছিলেন। কিন্তু পরশু বায়ার্ন মিউনিখের নায়কের আসনে বসলেন গত বছরই জার্মান ক্লাবটিতে নাম লেখানো ক্রোট স্ট্রাইকার ওলিচ। তাঁর দুর্দান্ত এক হ্যাটট্রিকে লিওঁকে ৩-০ গোলে হারিয়ে ২০০১ সালের পর আবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে বায়ার্ন।ফুটবল-পণ্ডিত থেকে শুরু করে সাধারণ ফুটবল অনুসারী, সবাই মেতেছেন ওলিচ-বন্দনায়। ওলিচ নিজে তাঁর এই পারফরম্যান্সকে কীভাবে দেখছেন? চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দুই লেগে করেছেন দুটি গুরুত্বপূর্ণ গোল। পরশু ১৯৯৮ সালে জুভেন্টাসের দেল পিয়েরোর পর চ্যাম্পিয়নস লিগ তার সেমিফাইনাল ইতিহাসে তাঁর কাছ থেকে পেল দ্বিতীয় হ্যাটট্রিক। জীবনের সেরা ফর্মেই মনে হয় আছেন ৩০ বছর বয়সী ওলিচ। ‘চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে এমন পারফরম্যান্স করতে পারা তো স্বপ্ন। তবে আমাদের পুরো দলটাই দারুণ খেলেছে। দলটাও সেরা ফর্মে আছে। একজন স্ট্রাইকার তো কেবল গোল করে তার অবদানটা রাখতে পারে’—সাফল্য সতীর্থদের মাঝে ভাগ করে দিলেন ওলিচ।বায়ার্ন মিউনিখের কোচ লুই ফন গলও গাইলেন দলের জয়গান, ‘ওলিচ তিন গোল পেয়েছে, কারণ গোলের সবচেয়ে কাছে থাকা খেলোয়াড়ই ছিল সে। আমরা দারুণ একটা ম্যাচ খেলেছি। ছেলেরা সবাই খুব ভালো খেলেছে।’ সত্যি তাই, আগের ম্যাচে লাল কার্ড দেখার কারণে রিবেরি ছিলেন না বলে সবাইকে পরশু একটু বাড়তি পরিশ্রম করতে হয়েছে এবং সেটা সার্থকভাবেই করেছেন বায়ার্ন খেলোয়াড়েরা।২৬ মিনিটে ওলিচের প্রথম গোলটিতে অবদান ছিল দুজনের—রোবেন অসাধারণ এক পাস দিয়েছিলেন মুলারকে। আলতো ছোঁয়ায় সেটি ওলিচকে পৌঁছে দিয়েছিলেন মুলার। ৬৭ মিনিটে দ্বিতীয় গোলের উত্স হামিত আলন্টিনটপ। আর ৭৭ মিনিটে ফিলিপ লামের ডান প্রান্তিক ক্রসে মাথা ছুঁয়ে বল জালে পাঠিয়েছিলেন ওলিচ। যাঁর ক্রস থেকে হ্যাটট্রিক গোলটি করেছেন, সেই ফিলিপ লাম কিন্তু ওলিচেরই প্রশংসা করেছেন, ‘সে কঠিন পরিশ্রমী। আপনারাই দেখে থাকবেন দলের জন্য প্রতিটি ম্যাচে সে কতটা পরিশ্রম করে।’এই একটি ম্যাচ ওলিচকে এতকিছু দিল। ওলিচময় এই ম্যাচটিকে ওলিচ নিজে কীভাবে মনে রাখবেন? ‘সম্ভবত আমার জীবনের সেরা ম্যাচ’—কোনো রাখঢাক না রেখেই বলেছেন ক্রোট স্ট্রাইকার। সেমিফাইনালেই জীবনের সেরা ম্যাচটি খেলে ফেললেন, তাহলে ফাইনালে কী হবে!২২ মে মাদ্রিদের বার্নাব্যুর ফাইনালটা কি তাহলে রোবেনের জন্যই তোলা থাকল, মাদ্রিদ-প্রত্যাবর্তনটাকে যাতে স্মরণীয় করে রাখতে পারেন ডাচ প্লে-মেকার! ওলিচের মতো তিনিও গত বছর রিয়াল মাদ্রিদে গুরুত্ব হারিয়ে আসতে বাধ্য হন বায়ার্নে। মাদ্রিদ ফাইনালে রিয়াল মাদ্রিদ থাকছে না, থাকছেন রোবেন। বিষয়টি ভেবে খুব আন্দোলিত তিনি, ‘মাদ্রিদে যেতে পারছি, খুব আনন্দ হচ্ছে আমার!’ফাইনালে বায়ার্নের প্রতিপক্ষ বার্সেলোনা না ইন্টার মিলান, সেটা ঠিক হয়ে গেছে কাল রাতে। প্রতিপক্ষ হিসেবে বায়ার্ন কোচের অবশ্য পছন্দের ছিল ইন্টার মিলান। এটা দুটি কারণে, ‘বার্সেলোনার বিপক্ষে খেললেও আমাদের সুযোগ থাকবেই। তবে ১০ বারের মধ্যে ৯ বারই ওরা আমাদের হারাতে পারে। আমি ফাইনালে ইন্টারকেই চাই। বন্ধু মরিনহোর সঙ্গে সংবাদ সম্মেলন করতে পারব, ভাবতেই ভালো লাগছে।’ এএফপি, ওয়েবসাইট। এই ম্যাচে এই নিয়ে অষ্টমবারের মতো ইউরোপীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ফাইনালে উঠল বায়ার্ন মিউনিখ। আগামী ২২ মে রিয়াল মাদ্রিদের মাঠ বার্নাব্যুতে হবে ফাইনাল। জিতলেই পঞ্চমবারের মতো ইউরোপ-সেরার মুকুট পরবে বায়ার্ন। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে বেশি ব্যবধানের জয়ের রেকর্ড ছুঁয়েছে বায়ার্ন। ১৯৯৬-৯৭ মৌসুমে দুই লেগ মিলিয়ে আয়াক্সের বিপক্ষে ৬-২ ব্যবধানে জিতেছিল জুভেন্টাস। কালকের বার্সেলোনা-ইন্টার মিলান ম্যাচের আগ পর্যন্ত ৮ গোল নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি। পরশুর হ্যাটট্রিক অলিচকে নিয়ে এসেছে বার্সার আর্জেন্টাইন স্ট্রাইকারের কাছাকাছি। ৭ গোল তাঁর। ৭ গোল করেছেন টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া রিয়াল উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদোও।