বায়ার্নকেই ঘর বানাতে চান রোবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ বিরতির পর ইতালীয় ‘সিরি আ’র শিরোপা জিতেই যেন গা ঝাড়া দিয়ে নামতে চাচ্ছে জুভেন্টাস। নিজেদের হারানো গৌরব ফিরে পাওয়ার জন্য মরিয়া তারা। ফিরে পেতে চাচ্ছে ইউরোপের শীর্ষ বলয়ে হারিয়ে ফেলা স্থান। সে কারণে, আগামী মৌসুমে বিশ্বসেরা অনেক খেলোয়াড়ের দিকেই পাখির চোখ তুরিনের এই ক্লাবটির। বায়ার্ন মিউনিখের প্লে-মেকার আরিয়েন রোবেনের দিকেও নজর তাদের। তবে হল্যান্ডের এই তারকা সবিনয়ে জানিয়েছেন, বায়ার্নে থেকেই ক্যারিয়ার শেষ করার আন্তরিক ইচ্ছা তাঁর।‘আমি সত্যিই আমার প্রতি জুভেন্টাসের আগ্রহে সম্মানিত বোধ করছি। তবে বায়ার্নে থেকেই ক্যারিয়ার শেষ করার ইচ্ছা আমার।’ বলেছেন রোবেন। অ্যালিয়েনজ এরিনায় অবশ্য ২০১৫ সাল পর্যন্তই থাকার কথা রোবেনের। সে মোতাবেক চুক্তিও বর্তমান। সম্প্রতিই চুক্তির সময়সীমা বাড়িয়ে বায়ার্নের দেওয়া কাগজে সই করেছেন তিনি। তবে এর আগে জুভেন্টাসের সঙ্গে কিছুটা কথা-বার্তা হয়েছিল তাঁর। তবে সেসব কথা ‘বলার জন্যই বলা’ বলে জানিয়েছেন রোবেন নিজেই।রোবেন বলেছেন, ‘আমি কখনোই বায়ার্ন ছেড়ে দেওয়ার বিষয়টি নিয়ে ভাবিনি। এই দলে খেলতে আমার ভালো লাগছে। আমি কিন্তু আমার ক্যারিয়ারে এই প্রথমবারের মতো কোনো দলের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালাম।’কয়েক দিনের মধ্যে রোবেন বায়ার্নের হয়ে নামবেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। আগামী মাসেই হল্যান্ডের কমলা জার্সি গায়ে জড়িয়ে নামবেন ইউরো চ্যাম্পিয়নশিপে। সম্প্রতি তিনি বলেছিলেন, বায়ার্ন চ্যাম্পিয়নস লিগ জিতলে ও হল্যান্ড ইউরোপ সেরার মর্যাদা পেলে ফুটবল থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়াবেন তিনি। তবে আপাতত তিনি মত বদলেছেন। জানিয়েছেন, চ্যাম্পিয়নস লিগ ও ইউরোতে যা-ই হোক, তিনি খেলা চালিয়ে যাবেন।জার্মানির ‘বিল্ড’ পত্রিকাকে তিনি বলেছেন, ‘ওটা ছিল একটা কৌতুক। আমি খেলা চালিয়েই যাব।’ তাঁর ভাষায়, ‘মাত্র ২৮ বছর বয়সে কেউ কি ফুটবল ছাড়ে? আমি তো খুব সহজেই আরও বেশ কয়েক বছর অনায়াসেই ফুটবলটা চালিয়ে যেতে পারব।’