বায়ার্নে উৎসব হতে পারে আজই
আন্তর্জাতিক বিরতির পর আবার সরগরম ইউরোপিয়ান ক্লাব ফুটবল। লিগগুলোর ম্যাচ খুব বেশি বাকি নেই। তবে শিরোপা লড়াইটা এখন যেন নিরুত্তাপ হয়ে পড়েছে। বড় লিগগুলোর শিরোপা যে একরকম নির্ধারিতই হয়ে গেছে!ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ম্যানচেস্টার ইউনাইটেডের হাতে প্রায় উঠেই গেছে। এরই মধ্যে ১৫ পয়েন্ট এগিয়ে গেছে ইউনাইটেড, ম্যাচ বাকি মাত্র ৯টি। এই নয় ম্যাচ থেকে ১৩ পয়েন্ট হলেই চলে তাদের। এর আগে এতটা ব্যবধান ঘোচাতে পারেনি কোনো দল। আজ সান্ডারল্যান্ডের সঙ্গে খেলবে ইউনাইটেড, সিটির প্রতিপক্ষ নিউক্যাসল।বুন্দেসলিগায় সবার ওপরের বায়ার্ন মিউনিখের হাতে আজই ট্রফি উঠে যেতে পারে। আট ম্যাচ বাকি থাকতে ২০ পয়েন্ট এগিয়ে বায়ার্ন। আজ যদি বায়ার্ন হামবুর্গকে হারিয়ে দেয়, আর দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ড যাতে স্টুটগার্টের সঙ্গে ড্র করে, তাহলেই লিগ শিরোপা বায়ার্নের। বায়ার্ন অবশ্য উদ্যাপন-ভাবনা আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলেছে। এই সপ্তাহেই আবার চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের সঙ্গে শেষ ষোলোর ম্যাচ। পুরো দলের মনোযোগ নিবদ্ধ ওই ম্যাচেই।সামান্য উত্তেজনা যদি থাকে, সে ইতালির সিরি ‘আ’তে। জুভেন্টাস অবশ্য ৯ পয়েন্ট ব্যবধান ধরে রেখে শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা নাপোলি এ অবস্থায় শিরোপা জিততে পারে, যদি বাকি ৯টি ম্যাচ তারা জেতে এবং জুভরা পা হড়কায়। আজই ‘ডার্বি ডি ইতালিয়ায়’ জুভেন্টাসের শক্ত পরীক্ষা নেবে ইন্টার মিলান। শিরোপার আশা অবশ্য অনেক আগেই শেষ পঞ্চম স্থানে থাকা ইন্টারের, টিমটিম করে জ্বলছে শুধু চ্যাম্পিয়নস লিগে খেলার আশা। এএফপি।