বায়ার্নে গার্দিওলার শুরু
চুক্তিটা হয়েছে গত ১৬ জানুয়ারি। অবশেষে চুক্তির পাঁচ মাস আট দিন পর গত পরশু নতুন কোচকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিল বায়ার্ন মিউনিখ। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্নের কোচ হিসেবে নিজের প্রথম সংবাদ সম্মেলনটি জার্মান ভাষাতেই করলেন পেপ গার্দিওলা। সংবাদ সম্মেলনে উপস্থিত প্রায় ২৪০ জন সাংবাদিক সেই জার্মান শুনে মোটামুটি মুগ্ধই। যদিও শুরুতেই গার্দিওলা বলে নিয়েছেন, ‘জার্মান ভাষায় দুর্বলতার জন্য আমাকে ক্ষমা করবেন।’বায়ার্নের প্রধান নির্বাহী কার্ল-হেইঞ্জ রুমেনিগের দৃঢ় বিশ্বাস, যে ভাষাটাই ঠিকভাবে বলতে পারে না, সে কোচ হতে পারে না। বার্সেলোনার দায়িত্ব ছাড়ার পর থেকে নিউইয়র্কে সময় কাটানো গার্দিওলাও তাই বায়ার্নের চ্যালেঞ্জ গ্রহণ করার পরই শুরু করে দেন জার্মান শেখার লড়াই। এর পেছনে প্রতিদিন চার ঘণ্টা করে সময় ব্যয় করাটা যে বৃথা যায়নি, সেটা জানা গেছে কদিন আগেই। গার্দিওলার ভাই আগেই জানিয়ে ছিলেন, পেপ জার্মান ভাষায় কথা বলতে প্রস্তুত।সেটির প্রমাণ দেওয়ার পর গার্দিওলা মজা করে বলেছেন, জার্মান ভাষাটা তিনি শিখেছেন বায়ার্নের চিরশত্রু বরুসিয়া ডর্টমুন্ডের সমর্থকদের কাছ থেকে! পাশাপাশি গার্দিওলা বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন স্প্যানিশ, কাতালান, ইতালিয়ান ভাষায়ও। সদ্য শেষ হওয়া মৌসুমে ইয়ুপ হেইঙ্কেসের অধীনে ইতিহাসে প্রথমবারের মতো ট্রেবল জিতেছে বায়ার্ন। স্বাভাবিকভাবেই গার্দিওলার কাছে প্রত্যাশা থাকবে আকাশছোঁয়া। রুমেনিগের সঙ্গে বায়ার্নের সভাপতি উলি হোনেস ও ক্রীড়া পরিচালক ম্যাথিয়াস স্যামারকে পাশে নিয়ে গার্দিওলা স্পষ্টই জানিয়ে দিলেন, তিনি বায়ার্নের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, ‘আমি অবশ্যই তুলনাটা গ্রহণ করছি। অবশ্যই আমি চাপে থাকব। কিন্তু আমি এটা জানি এবং কোনো রকম ভয় না করেই আমি চ্যালেঞ্জটা গ্রহণ করছি। আর এ কারণেই আমি কোচ।’ বার্সেলোনাকে চার বছরে ১৪টি শিরোপা জেতানো গার্দিওলা প্রতিশ্রুতি দিলেন, বায়ার্নকে তিনি আক্রমণাত্মক ফুটবলই খেলাবেন। জানিয়ে দিলেন জার্মানি ও ইউরোপে বায়ার্নের রাজত্ব ধরে রাখার প্রতিজ্ঞাও। রয়টার্স।