অবনমন এড়ানোর লক্ষ্য নিয়েই লিগ শুরু করেছিল উদিনেসে। সেই দলটিই এখন সিরি ‘আ’র শীর্ষে! পরশু শিয়েভোকে ২-১ গোলে হারিয়ে শীর্ষে উঠে উচ্ছ্বসিত দলের কোচ ফ্রান্সেসকো গুইদোলিন, ‘এটা বড় অর্জন, অসাধারণ। এটি জাদুকরি মুহূর্ত। যত বেশি সময় পারি অবস্থানটা ধরে রাখার চেষ্টা করব আমরা।’উদিনেসের একটা ধন্যবাদ পাওয়া উচিত বোলোনিয়ার। কারণ এসি মিলানকে ম্যাচে ২-২ গোলে রুখে দিয়েই তো তারা ‘পথ’ করে দিয়েছে উদিনেসেকে। তবে তাদের এই শীর্ষে ওঠাটা হতে পারে সাময়িক। কাল রাতে জুভেন্টাস রোমাকে হারিয়ে থাকলে তারাই উঠে যাবে শীর্ষে। ১৪ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা উদিনেসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে জুভরা। ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট তাদের। ১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় এসি মিলান।আন্তোনিও ডি নাতালে ৬৮ মিনিটে গোল করে এগিয়ে দিয়েছিলেন উদিনেসেকে। এর ১১ মিনিট পরে দুসান বাস্তার গোলেই (২-০) জয় নিশ্চিত হয়ে যায় তাদের। যদিও ৮৩ মিনিটে পালোসচির গোলে পয়েন্ট পাওয়ার আশা জাগিয়েছিল শিয়েভোর। সিরি ‘আ’তে পরশু এই একটি ম্যাচেই ফলাফল এসেছে। মিলান-বোলোনিয়ার বাইরে আটলান্টা-কাতানিয়া (১-১), নাপোলি-নোভারা (১-১) ও ক্যালিয়ারি-পার্মা (০-০) ম্যাচও ড্র হয়েছে।বায়ার্ন মিউনিখের ‘গোমেজ-জাদু’ চলছেই। পরশু চলতি বুন্দেসলিগায় নিজের তৃতীয় হ্যাটট্রিকটি অল্পের জন্য পাননি। কিন্তু মারিও গোমেজের জোড়া গোলেই ১০ জনের স্টুর্টগার্টের বিপক্ষে জিতেছে বায়ার্ন (২-১)। লিগের সর্বোচ্চ গোলদাতা নিজের গোলসংখ্যা নিয়ে গেছেন ১৫-তে।দিনের অন্য ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন বরুসিয়া ডর্টমুন্ডকে রুখে (১-১) দিয়েছে কাইজারস্লটার্ন। এএফপি, ওয়েবসাইট।