বায়ার্নে বিস্মিত গার্দিওলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই তো সেদিনই দায়িত্ব নিলেন বায়ার্ন মিউনিখের। কিন্তু নতুন কোচ পেপ গার্দিওলা নতুন দলকে নিয়ে খুশি। বায়ার্নের ‘বুদ্ধিদীপ্ত’ খেলোয়াড়েরা যেভাবে তাঁর ফুটবল-দর্শনের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিয়েছে তাতে গার্দিওলা বিস্মিতও। এএফপি, ওয়েবসাইট।জার্মান সুপার কাপে ডর্টমুন্ডের কাছে হারটাই যা একটু বেমানান ঠেকেছে। নতুবা গার্দিওলার ‘মিশন মিউনিখ’ কিন্তু এগোচ্ছিল মসৃণপথেই। তবে হারটা যে প্রভাব ফেলেনি সেটা বুঝিয়ে দিয়ে বায়ার্ন আবার আগের ফর্মে, গত পরশু সাও পাওলোকে ২-০ গোলে হারিয়ে উঠে গেছে অডি কাপের ফাইনালে। গার্দিওলা ম্যাচ শেষে নিজের বিস্ময়টা গোপন করেননি, ‘ম্যাচটা সহজ ছিল না। সাও পাওলো এখন তাদের মৌসুমের মাঝামাঝি। আমরা তো সবে মৌসুম শুরু করলাম। আমি একটু বিস্মিত কীভাবে খেলোয়াড়েরা আমার চিন্তাভাবনা বুঝতে পারছে এবং মাঠে সেটা করে দেখাচ্ছে। আমার দলটা খুবই বুদ্ধিমান। গ্রেটও।’ বিশেষভাবে প্রশংসা করেছেন ম্যাচের দুই গোলদাতা মারিও মানজুকিচ-মিচেল ভাইজার ও মাঝমাঠের কারিগর বাস্তিয়ান শোয়েনস্টেইগারের। তবে পরশু অডি কাপে ম্যানচেস্টার সিটি-এসি মিলান অন্য সেমিফাইনালটাই রোমাঞ্চ ছড়িয়েছে বেশি। সিটি শুরুতেই মিলানকে ভাসিয়ে দিতে থাকে একের পর আক্রমণে। ফলাফল, ৩৬ মিনিটের মধ্যেই সিটির ৫-০ গোলে এগিয়ে যাওয়া! দুর্দান্ত প্রথমার্ধের নাটক বাকি ছিল আরও। মিলান তিন গোল করে ফিরে আসে ম্যাচে। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি, ৫-৩-ই থেকে যায় ম্যাচের স্কোরলাইন। জোড়া গোল করেছেন সিটির এডিন জেকো ও মিলানের স্টেফান এল শারাউয়ি। সিটি-বায়ার্ন ফাইনালের ফলটা অবশ্য এতক্ষণে জেনে যাওয়ার কথা। গত রাতেই হয়ে গেছে ফাইনালটা।ওদিকে যুক্তরাষ্ট্রে এক প্রীতি ম্যাচে এভারটন টাইব্রেকারে (৬-৫) হারিয়েছে জুভেন্টাসকে। নির্ধারিত সময়ের খেলা ড্র ছিল ১-১ গোলে।