বায়ার্নে যোগ দিলেন গার্দিওলা
বায়ার্ন মিউনিখের কোচ হচ্ছেন পেপ গার্দিওলা। জার্মান ক্লাবটি কাল নিশ্চিত করেছে খবরটি। এই মৌসুম শেষেই দলটির দায়িত্ব নেবেন সাবেক বার্সেলোনা কোচ। তিন বছরের জন্য বায়ার্নের দায়িত্ব নিতে রাজি হয়েছেন গার্দিওলা। বায়ার্নের সঙ্গে বর্তমান কোচ ইয়ুপ হেইঙ্কেসের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আসছে জুনে। হেইঙ্কেস এরপর আর চুক্তির মেয়াদ বাড়াবেন না জানিয়ে দেওয়ার পরই গার্দিওলাকে নিশ্চিত করেছে বুন্দেসলিগার সবচেয়ে সফল ক্লাবটি। ৪১ বছর বয়সী গার্দিওলার সঙ্গে বায়ার্নের চুক্তির খবরটি জানিয়েছেন ক্লাবটির চেয়ারম্যান কার্ল-হেইঞ্জ রুমেনিগে। অথচ এই ক্লাবটিই ঠিক ২৪ ঘণ্টা আগে বিবৃতি দিয়েই উড়িয়ে দিয়েছিল গার্দিওলার বায়ার্নের কোচ হওয়ার সম্ভাবনাকে। অন্যদিকে ইংল্যান্ডে কোচিং করার আগ্রহ নিজেই দেখিয়েছিলেন বার্সাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এই কোচ। দুইয়ে দু্ইয়ে চার মিলিয়ে ধরে নেওয়া হয়েছিল যে ইংল্যান্ডেই যাচ্ছেন গার্দিওলা। কিন্তু হলো উল্টোটাই। এএফপি, রয়টার্স।