বায়ার্নে শিরোপা-উৎসব
অনেক চড়াই-উতরাই পেরিয়ে পরশু চূড়ান্ত সাফল্যে পা রাখল বায়ার্ন মিউনিখ। কাগজে-কলমের দুরূহ হিসাব বাদ দিলে এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করে ফেলল তারা বুন্দেসলিগার শিরোপা। বুন্দেসলিগার ২২তম শিরোপা নিশ্চিত করতে তারা টমাস মুলারের হ্যাটট্রিকে এদিন ৩-১ গোলে হারিয়েছে বোখামকে।গায়ে গা ঘেঁষেই চলছিল বায়ার্ন মিউনিখ ও শালকে জিরো ফোর। দুই দলের পয়েন্ট সমান থাকলেও গোল ব্যবধানে বায়ার্ন ছিল এগিয়ে। কিন্তু পরশু নিজেদের মাঠে শালকে ভের্ডার ব্রেমেনের কাছে ০-২ গোলে হেরে যাওয়ার পরই নিশ্চিত হয়ে যায় বায়ার্নের শিরোপা। বায়ার্নকে শিরোপা-বঞ্চিত করতে হলে লিগের বাকি ম্যাচটিতে শালকেকে মেইনজের বিপক্ষে কমপক্ষে ১৭ গোলের ব্যবধানে জিততে হবে। আর হার্থা বার্লিনের বিপক্ষে বায়ার্নকে হারতে হবে। বায়ার্নের জয়ের পরই পরই স্টেডিয়ামের দৈত্যাকার পর্দায় ভেসে ওঠে শালকে-ব্রেমেন ম্যাচের ফল। বায়ার্ন সমর্থকেরা ফেটে পড়ে উল্লাসে। সমর্থকদের হঠাৎ এই উল্লাস দেখে দৈত্যাকার পর্দায় চোখ চলে যায় খেলোয়াড়দেরও। ম্যাচ শেষে ডিফেন্ডার ফিলিপ লাম বলেছেন, ‘শালকের ফল দেখে সমর্থকেরা যখন উচ্ছ্বাস করছিল একটু বিস্মিতই হয়েছিলাম আমরা। পরে ফলটা আমরাও দেখি। অবিশ্বাস্য এক ভালো লাগায় আচ্ছন্ন হই।’সবচেয়ে বেশি আনন্দ হওয়ার কথা কোচ ফন গল ও কুড়ি বছর বয়সী মুলারের। বায়ার্নে অভিষেক মৌসুমেই কোচ হিসেবে বিরাট সাফল্য এনে দিলেন গল। আর এই মার্চেই বুন্দেসলিগায় অভিষেক মুলারের। কোচ তাঁকে রিজার্ভ বেঞ্চ থেকে তুলে আনার পর থেকেই দারুণ খেলছেন। জার্মানির জার্সিটাও এরই মধ্যে গায়ে তোলা হয়ে গেছে। আর পরশু তো তাঁর হ্যাটট্রিকেই জিতল দল। তবে বয়স কম হলেও অনুভূতি প্রকাশে একটু নিয়ন্ত্রিত মুলার, ‘শিরোপা জয়টা দলের এবং খেলোয়াড়দের জন্য বড় এক পুরস্কার। আমরা পুরো মৌসুম এর জন্য কঠিন পরিশ্রম করেছি।’ এএফপি।