বায়ার্নের ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ বাঁশি বাজতেই ফ্রাঙ্কফুর্টের মাঠে দাঁড়িয়ে বায়ার্ন মিউনিখের খেলোয়াড়েরা অল্প একটু গাইলেন, নাচানাচি করলেন। পরে সবাই দৌড়ে গেলেন ডাগ-আউটে। কোচ ইয়ুপ হেইঙ্কেসকে চ্যাংদোলা করে বার কয়েক ছোড়া হলো শূন্যে। এই তো। এটুকুতেই শেষ হয়ে গেল বায়ার্ন মিউনিখের শিরোপা জয়ের উদ্যাপন। কেন এই সাদামাটা উদ্যাপন?পরে কারণটা ব্যাখ্যা করেছে বায়ার্নই। ছয় ম্যাচ বাকি থাকতেই লিগ শিরোপা জিতে ইতিহাসে নাম লেখালেও দৌড় এখনো শেষ হয়নি। এর চেয়েও বড় কথা, কঠিন চ্যালেঞ্জটা সামনে। আগামী বুধবারই জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগ। কঠিন ওই ম্যাচের আগে আত্মতৃপ্তিতে ভাসতে রাজি নয় বায়ার্ন। জিতলেই শিরোপা নিশ্চিত—এই সমীকরণ মাথায় নিয়েই পরশু ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে খেলতে নামে বায়ার্ন। বাস্তিয়েন শোয়েনস্টাইগারের ৫২ মিনিটের ব্যাক-হিলের গোলে সেই সমীকরণ মিলে গেছে। ১-০ গোলে জিতে ইউরোপের বড় লিগগুলোর মধ্যে সবার আগে শিরোপা নিশ্চিত করে ফেলল বায়ার্ন। দুই মৌসুম পর লিগ শিরোপা জিতে নাম লিখিয়েছে ইতিহাসের পাতায়। গড়েছে সবচেয়ে দ্রুততম সময়ে লিগ শিরোপা জয়ের রেকর্ড। লিগে আরও ছয়টি করে ম্যাচ বাকি। জার্মান বুন্দেসলিগার ইতিহাসে এতগুলো ম্যাচ বাকি থাকতে শিরোপা জিতে পারেনি কেউই।পরশু জয় পেয়েছে গত মৌসুমের শিরোপাজয়ী বরুসিয়া ডর্টমুন্ডও। নিজেদের মাঠে অগসবুর্গকে তারা হারিয়েছে ৪-২ গোলে। কিন্তু এর পরও বায়ার্নের চেয়ে ২০ পয়েন্টে পিছিয়ে ডর্টমুন্ড। অথচ সর্বোচ্চ ১৮ পয়েন্টের খেলা বাকি আছে।শীর্ষ লিগের হিসাবে এটা বায়ার্নের ২৩তম শিরোপা, তবে শুধু বুন্দেসলিগায় ২২তম শিরোপা। কারণ ১৯৩২ সালে জার্মান জাতীয় চ্যাম্পিয়নশিপের শিরোপাটিও জিতেছিল বায়ার্নই। এই শিরোপা কোচ হেইঙ্কেসকে ভাসিয়েছে অন্য রকম এক আবেগে। কোচ হিসেবে প্রথম মেয়াদে (১৯৮৭-৯১) বায়ার্নকে দুবার শিরোপা জিতিয়েছিলেন। দ্বিতীয় মেয়াদেও জেতালেন বটে, কিন্তু এই মৌসুম শেষেই তাঁকে বিদায় নিতে হচ্ছে বায়ার্ন থেকে। তাঁর জায়গায় আসছেন পেপ গার্দিওলা। ম্যাচ শেষে তাঁর কথা, ‘২৩ বছর পর আবার লিগ শিরোপা জিতলাম, এটা অসাধারণ মুহূর্ত।’ এএফপি।